প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ পিএম

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় বেশির ভাগ তৈরি পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা। বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন কারখানার সামনে শ্রমিকদের সারিবদ্ধভাবে প্রবেশ করে কাজে যোগ দিতে দেখা যায়।
তবে সকাল ৯টার পর জামগড়া, বেরন ও নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি ও বিক্ষোভ করেন। পরে নিরাপত্তার স্বার্থে কারখানাগুলোতে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানা থেকে বেরিয়ে শ্রমিকরা বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
আশুলিয়া শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বেশির ভাগ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। সাভারের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
স্বদেশ প্রতিদিন/এস পি