প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:৫০ AM

ডিসেম্বর থেকে দেশে শীতের তীব্রতা বাড়তে পারে। এ মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত সময়ের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে কয়েক দফা শৈত্যপ্রবাহের পাশাপাশি কুয়াশা, লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে, ভৌগোলিক কারণে দেশের উত্তরাঞ্চলে শীতের অনুভূতি আগে শুরু হয়। তবে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে এ বছর অনুভূত তাপমাত্রা তুলনামূলক বেশি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ সক্রিয় রয়েছে। এর প্রভাবে বুধবার সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে এবং দেশের অন্য ছয় বিভাগের বিচ্ছিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি