প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ১০:৪২ AM আপডেট: ২৫.০৬.২০২৫ ১১:২৯ এএম

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় ডিজিটাল ওয়ালেট গুগল পে। আপাতত এই সেবা শুধুমাত্র সিটি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকরা গুগল পে ব্যবহার করে দেশ-বিদেশে নিরাপদ ও দ্রুত লেনদেন করতে পারবেন।
গুগল পে মূলত একটি মোবাইল পেমেন্ট এবং ডিজিটাল ওয়ালেট পরিষেবা, যা স্মার্টফোনের মাধ্যমে ‘ট্যাপ অ্যান্ড পে’ সুবিধা দিয়ে থাকে। এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই দোকানে, অনলাইন শপিংয়ে এবং বিভিন্ন অ্যাপের মধ্যেও পেমেন্ট করতে পারবেন- তাও কার্ড ছাড়াই।
কীভাবে ব্যবহার করবেন গুগল পে?সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রাহকরা চাইলে সহজ কয়েকটি ধাপেই গুগল পে ব্যবহার শুরু করতে পারবেন। ধাপগুলো হলো:
১. আপনার অ্যান্ড্রয়েড ফোনে Google Pay অ্যাপ ইনস্টল করুন।
২. অ্যাপে গিয়ে ‘Add a Card’ অপশনে ক্লিক করুন।
৩. সিটি ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য যুক্ত করুন।
৪. প্রয়োজনীয় ভেরিফিকেশন সম্পন্ন করুন।
এরপর আপনি এনএফসি সুবিধাসম্পন্ন দোকানে শুধু ফোনটি ট্যাপ করে পেমেন্ট করতে পারবেন। একই সঙ্গে, এই সেবা দিয়ে অনলাইন শপিং, সাবস্ক্রিপশন পেমেন্ট ও ইন-অ্যাপ পারচেজও করা যাবে।
বিশ্লেষকদের মতে, গুগল পে-এর আনুষ্ঠানিক চালু হওয়া বাংলাদেশের ফিনটেক খাতে একটি বড় অগ্রগতি। এটি দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং গ্রাহকদের জন্য আরও নিরাপদ ও সহজ লেনদেন নিশ্চিত করবে।
তবে এই সেবা ব্যবহারে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। যেমন, শুধুমাত্র সিটি ব্যাংকের গ্রাহকরাই এখন এই সেবা ব্যবহার করতে পারবেন। অ্যান্ড্রয়েড ডিভাইস ও এনএফসি ফিচার থাকা বাধ্যতামূলক, যেটি অনেকের ফোনে নেই বা সক্রিয় নয়। অনেক দোকান বা প্রতিষ্ঠান এখনো এনএফসি ভিত্তিক পেমেন্ট সিস্টেমে প্রস্তুত নয়, ফলে বাস্তবে ব্যবহারকারীরা সীমিত সুযোগ পাচ্ছেন। সাধারণ মানুষদের মধ্যে এখনো গুগল পে ও এনএফসি প্রযুক্তি সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। সিটি ব্যাংকের কর্মকর্তারা আশাবাদী যে, ভবিষ্যতে আরও ব্যাংক গুগল পে প্ল্যাটফর্মে যুক্ত হবে। ফলে এই সুবিধা আরও বিস্তৃত হবে এবং বাংলাদেশে আন্তর্জাতিক মানের ডিজিটাল পেমেন্ট সিস্টেম গড়ে উঠবে। এছাড়া সিটি ব্যাংক জানিয়েছে, গুগল পে ব্যবহার সংক্রান্ত যেকোনো সমস্যায় তারা ২৪ ঘণ্টা গ্রাহক সহায়তা সেবা দেবে।
সূত্র: সিটি ব্যাংক প্রেস বিজ্ঞপ্তি
স্বদেশ প্রতিদিন/এমএম