প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:৫১ পিএম

সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরপরই সন্দেহভাজন দুজনকে আটক করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পাঁচ মিনিটের মধ্যেই সন্দেহভাজন দুজনকে আটক করে থানায় নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী মাসনুন স্নিগ্ধ বলেন, ‘টিএসসিতে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা দৌড়ে গিয়ে ঘটনাস্থল থেকে একজনকে এবং উদ্যানসংলগ্ন গেট থেকে আরেকজনকে আটক করি। পরে তাদের শাহবাগ থানায় নিয়ে আসি।’
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইশরাফিল রতন বলেন, আটক ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।