প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ২:১৯ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে সক্ষমতা বাড়াতে এআই কোডিং স্টার্টআপ কন্ডাক্টর অধিগ্রহণ করেছে মেটা। প্ল্যাটফর্মটির মাধ্যমে একাধিক এআই এজেন্ট ব্যবহার করে সফটওয়্যার প্রকল্প তৈরি ও পরিচালনা করা যায়। তবে এ অধিগ্রহণের আর্থিক মূল্য বা চুক্তির বিস্তারিত প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, কন্ডাক্টর অধিগ্রহণের খবর প্রথম প্রকাশ করে অ্যাক্সিওস। পরে নিজেদের ব্লগে বিষয়টি নিশ্চিত করে স্টার্টআপটি। বুধবার এক ঘোষণায় কন্ডাক্টরের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা চার্লি হোল্টজ জানান, প্রতিষ্ঠানটি এখন মেটার অংশ। আগামী বছরের শুরুতে গ্রাহকদের জন্য নতুন কিছু নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে তাদের। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হোল্টজ মেটার এআই বিভাগের প্রধান আলেকজান্ডার ওয়াং এবং সুপারইন্টেলিজেন্স ল্যাবসের পণ্য বিভাগের প্রধান নাট ফ্রিডম্যানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
২০২৪ সালে প্রতিষ্ঠিত কন্ডাক্টর গত বছর তাদের মূল পণ্য চালু করে। প্ল্যাটফর্মটির মাধ্যমে সফটওয়্যার প্রকৌশলীরা একটি প্রকল্পের বিভিন্ন অংশে একাধিক এআই এজেন্টকে একসঙ্গে কাজে লাগাতে পারেন। প্রতিটি এজেন্ট আলাদা কর্মপরিবেশে কাজ করায় বড় প্রকল্পের বিভিন্ন কাজ সমান্তরালভাবে এগিয়ে নেওয়া সম্ভব হয়। এজেন্টগুলো ক্লাউড, নিজস্ব কম্পিউটার কিংবা ব্যবহারকারীর ফোনের মাধ্যমে পরিচালনা করা যায়। এগুলো কন্ডাক্টরের নিজস্ব তৈরি নয়; বরং অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের মতো প্রতিষ্ঠানের তৈরি এআই মডেল ব্যবহার করে পরিচালিত হয়।
হোল্টজ জানিয়েছেন, আগামী বছরের শুরু পর্যন্ত কন্ডাক্টরের মূল সুবিধাগুলো আগের মতোই চালু থাকবে। তবে প্রতিষ্ঠানটির ক্লাউড সেবা আগামী ২০ নভেম্বর বন্ধ করে দেওয়া হবে। এরপর ব্যবহারকারীদের ক্লাউডে সংরক্ষিত তথ্য মুছে ফেলার প্রক্রিয়া শুরু হবে। এআই খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে গত আগস্টে নিজস্ব কোডিং এজেন্ট মিউজ কোড চালু করে মেটা। পাশাপাশি প্রতিষ্ঠানটির মিউজ এজেন্ট সেবার ব্যবহারকারীও ১ কোটি ছাড়িয়েছে বলে জানিয়েছে মেটা। সাম্প্রতিক সময়ে একাধিক প্রতিষ্ঠান অধিগ্রহণের মাধ্যমে এআই ও সফটওয়্যার উন্নয়ন খাতে বিনিয়োগ বাড়াচ্ছে প্রযুক্তি জায়ান্টটি।
স্বদেশ প্রতিদিন/এস পি