প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ১০:৫৪ AM আপডেট: ২৫.০৬.২০২৫ ১২:৪৬ PM

যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল ফোর্দো পারমাণবিক কেন্দ্র, যেখানে অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু বিমান ব্যবহার করে বোমা নিক্ষেপ করা হয়। তবে মার্কিন গোয়েন্দাদের প্রাথমিক মূল্যায়নে উঠে এসেছে, এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল অংশ ধ্বংস হয়নি।
বুধবার (২৫ জুন) সিএনএনের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (DIA) এবং ইউএস সেন্ট্রাল কমান্ড যৌথভাবে হামলার পর এই মূল্যায়ন তৈরি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক চারজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে এই তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন
মূল্যায়নে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির গতি সাময়িকভাবে ব্যাহত হয়েছে, তবে মূল কাঠামো এবং উপাদান রয়ে গেছে প্রায় অক্ষত। এতে ইরানের কার্যক্রম মাত্র কয়েক মাস পিছিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মূল্যায়নটি প্রদান করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টিলিজেন্স এজেন্সি। হামলার পর পর ইউএস সেন্ট্রাল কমান্ড মূল্যায়নটি তৈরি করে।
সামনে আরও তথ্য জানা গেলে হয়ত প্রাথমিক মূল্যায়নে কিছু পরিবর্তন আসতে পারে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন প্রকাশ্যে ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করে দেওয়ার যে দাবি করছেন, প্রাথমিক মূল্যায়নে সেটির উল্টো চিত্র দেখা যাচ্ছে।
আরও পড়ুন
মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদ ধ্বংস হয়নি। অপর একজন জানিয়েছেন, দেশটির পারমাণবিক সেন্ট্রিফিউজের বেশিরভাগও অক্ষত রয়েছে। যার অর্থ যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কাঠামো ধ্বংস করতে পারেনি। বরং তাদের হামলা ইরানি পারমাণবিক কার্যক্রমকে শুধুমাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে।
হোয়াইট হাউজের প্রেসসচিব ক্যারোলিন লিভিট এই মূল্যায়নের সত্যতা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ট্রাম্পকে ‘অপমান’ করতে এগুলো ছড়ানো হচ্ছে।
এরআগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়ছিল, ইরানে পারমাণবিক কেন্দ্রে হামলায় তারা ‘অসাধারণ সফলতা’ অর্জন করেছে।
ফোর্দো পারমাণবিক কেন্দ্রটি মাটির ২৬২ ফুট নিচে অবস্থিত, যা একে অত্যন্ত সুরক্ষিত স্থাপনায় পরিণত করে। এই কেন্দ্রে হামলার জন্য ব্যবহার করা হয় ৩০,০০০ পাউন্ড ওজনের বাঙ্কার বাস্টার বোমা। যা ছোড়ে যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু বিমান- বিশ্বের অন্যতম গোপনীয় এবং শক্তিশালী সামরিক প্রযুক্তি।
সূত্র: সিএনএন
স্বদেশ প্রতিদিন/এমএম