প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৪:১৭ পিএম

রাজধানীর শাহবাগে সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুৎ তারে জড়িয়ে এক দর্জির মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ আল আমিন (৩৫)। তিনি পেশায় দর্জি ছিলেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে, শাহবাগ থানার সচিবালয়ের বিপরীত পাশে প্রিমিয়ার মার্কেটের পেছনে।
আল আমিনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আল আমিন লক্ষ্মীপুর সদরের বাটি লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ গফুর মোল্লার ছেলে। বর্তমানে পীর ইয়েমেনি মার্কেটের পাশের একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
আল আমিনকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী বাবুল রেজা জানান, গত রাতের দিকে সচিবালের বিপরীত পাশে প্রিমিয়াম মার্কেটের বিপরীত পাশে রাস্তা পারাপারের সময় অসাবধানতাবশত বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে অচেতন হয়ে পড়ে আল আমিন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আল আমিন আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও শহরের রাস্তায় বৈদ্যুতিক তারের নিরাপত্তাহীন অবস্থার দিকে দৃষ্টি দিতে বলছেন অনেকে। নাগরিক নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্বদেশ প্রতিদিন/এমএম