প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:৩০ পিএম

সরকারি চাকরিতে থাকা কর্মকর্তা-কর্মচারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তা সরকার নজরদারিতে রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারীর পোশাকে আওয়ামী লীগ আছে। প্রত্যেক জায়গায় সরকারের নজরদারি সর্বোচ্চ পর্যায়ে আছে।’ তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি তিনি। সরকারি কর্মকর্তাদের দলীয় সম্পৃক্ততা নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকায় অনেক মানুষ দলটির সঙ্গে যুক্ত ছিলেন, সেটি সমস্যা নয়। তবে সরকারি দায়িত্বে থাকা অবস্থায় দলীয় সম্পৃক্ততা ‘ভয়ঙ্কর’ বিষয়। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে বলেও জানান তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে যেকোনো কর্মসূচি বেআইনি উল্লেখ করে উপদেষ্টা বলেন, গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে। ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে যাঁদের দেখা গেছে, তাঁদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা হবে। এদিকে পুলিশের বলপ্রয়োগের অধিকার থাকলেও পরিস্থিতির তুলনায় অতিরিক্ত বলপ্রয়োগ করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনার পুনরাবৃত্তি সরকার চায় না বলেও জানান উপদেষ্টা।
স্বদেশ প্রতিদিন/এস পি