প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:২১ পিএম

সংগৃহীত ছবি
রাজধানীর আজিমপুর এলাকায় ‘গোপন বৈঠকে’ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ। রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন— মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২) ও মো. মফিজুল ইসলাম (৫০)।
আকতার হোসেন বলেন, শনিবার (১৪ নভেম্বর) রাতে আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তার সোহরাব হোসেন সুমন মিয়া কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জাহাঙ্গীর আলম ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অন্য দুজন রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম ওই ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য।
ডিএমপি জানিয়েছে, শুক্রবার আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিলের আয়োজন ও তাতে অংশ নেন গ্রেপ্তার ব্যক্তিরা। পরদিন সোহরাব হোসেন সুমন মিয়ার আজিমপুরের বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করার সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।