"সত্য প্রকাশের দায়ে ভেঙে দেওয়া হয়েছিল হাত-পা, ছয় বছর পরও বয়ে বেড়াচ্ছেন নির্যাতনের ক্ষত"
হামলা, নির্যাতন ও প্রতিকূলতাকে জয় করে সাংবাদিকতায় অবিচল স্বদেশ প্রতিদিনের রাজবাড়ীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ

সত্য প্রকাশের মূল্য যে কখনো কখনো একজন সাংবাদিককে নিজের জীবন দিয়ে দিতে হয়, তার এক নির্মম উদাহরণ রাজবাড়ীর পাংশা উপজেলার সাংবাদিক আবুল কালাম আজাদ। সংবাদ প্রকাশের জেরে বর্বরোচিত হামলার শিকার হয়ে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন তিনি। ভেঙে দেওয়া হয়েছিল তাঁর দুই হাত ও দুই পা। জীবন বাঁচাতে বিক্রি করতে হয়েছে জমিজমা, নিতে হয়েছে ব্যাংকঋণ। তবুও সাংবাদিকতার প্রতি ভালোবাসা এবং সত্য প্রকাশের অঙ্গীকার থেকে সরে দাঁড়াননি এই সাহসী সংবাদকর্মী।
ঘটনাটি ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর। রাজবাড়ীর পাংশায় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এ কে আজাদের ওপর হামলার ঘটনা ঘটে। সেদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পাংশা পোস্ট অফিসের সামনে তাঁর ওপর হামলা চালানো হয়। লোহার রড ও হাতুড়ি দিয়ে তাঁকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়। হামলাকারীরা তাঁকে মৃত ভেবে ফেলে রেখে যায়। হামলায় তাঁর বাম হাতের আটটি স্থানে, ডান হাতের কনুই ও আঙুলসহ এবং দুই পায়ে গুরুতর ভাঙন দেখা দেয়। পরে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থেকেও তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।
হামলার পর আজাদের পরিবারকে তাঁর চিকিৎসার জন্য চরম আর্থিক সংকটের মুখোমুখি হতে হয়। জীবন বাঁচাতে পরিবারের জমিজমা বিক্রি করতে হয়েছে। পাশাপাশি পাংশা কৃষি ব্যাংক থেকে দুই লাখ টাকা এবং অগ্রণী ব্যাংক থেকে তিন লাখ টাকা ঋণ নিতে হয়েছে বলে জানান এবং সাত বছরে তাঁর চিকিৎসায় ব্যয় হয়েছে আনুমানিক ৩৮ লাখ টাকা। এত চিকিৎসার পরও শরীরের বিভিন্ন জটিলতা ও আঘাতের ক্ষত নিয়ে তাঁকে জীবনযাপন করতে হচ্ছে।
সংবাদ প্রকাশের জেরেই তিনি হামলার শিকার হয়েছেন এবং সেই ঘটনার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন।
আবুল কালাম আজাদ শুধু একজন সংবাদকর্মী নন, তিনি পাংশার সাংবাদিকতার অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ। জাতীয় দৈনিক বাংলা ৭১ ও দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার সঙ্গে যুক্ত থেকে তিনি সাংবাদিকতা করে আসছেন। স্বদেশ প্রতিদিনের রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে স্থানীয় জনপদের নানা সমস্যা, অনিয়ম, দুর্নীতি, সামাজিক অসংগতি এবং মানুষের অধিকার নিয়ে সংবাদ প্রকাশে ভূমিকা রেখেছেন তিনি। পেশাগত জীবনে নানা প্রতিকূলতা, চাপ ও ঝুঁকির মুখোমুখি হয়েও সাংবাদিকতার সঙ্গে তাঁর সম্পর্ক অটুট রয়েছে।
সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালের ২০ এপ্রিল পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন তিনি। ওই কমিটির মেয়াদ ছিল ২০২৪-২০২৫ সাল। পরবর্তী সময়েও তাঁকে প্রেসক্লাবের সভাপতি হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
পাংশার প্রবীণ সাংবাদিক ও সাপ্তাহিক পাংশা বার্তার সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু বলেন, দীর্ঘ ৪৭ বছরের সাংবাদিকতা জীবনে কোনো সাংবাদিককে এত নির্যাতিত হতে তিনি দেখেননি। অসুস্থ শরীর নিয়ে জীবন পরিচালনা করতে আজাদকে হিমশিম খেতে হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সহকর্মীদের কাছে আবুল কালাম আজাদ একজন নির্যাতিত সাংবাদিকের প্রতীক। তাঁর ওপর হামলার ঘটনা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর আঘাত হিসেবে বিবেচিত।
একজন সাংবাদিকের দায়িত্ব হলো সমাজের অসংগতি তুলে ধরা, অনিয়মের বিরুদ্ধে কলম ধরা এবং সাধারণ মানুষের কথা বলা। সেই দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে শারীরিক নির্যাতনের শিকার হতে হলে তা গণতন্ত্র, আইনের শাসন ও স্বাধীন গণমাধ্যমের জন্য গভীর উদ্বেগের বিষয়।
আবুল কালাম আজাদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার, হামলায় জড়িতদের আইনানুগ জবাবদিহি এবং তাঁর চিকিৎসা ও পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি।
একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্ভয়ে সত্য প্রকাশের পরিবেশ তৈরি করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
শরীরের ক্ষত হয়তো সময়ের সঙ্গে কিছুটা শুকিয়ে যায়, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কলম ধরার অপরাধে একজন সাংবাদিকের ওপর চালানো নির্যাতনের ক্ষত সহজে মুছে যায় না। আবুল কালাম আজাদের জীবন ও সংগ্রাম তাই শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত বেদনার গল্প নয়; এটি সত্য প্রকাশের স্বাধীনতা, সাহসিকতা এবং সাংবাদিক সমাজের নিরাপত্তার প্রশ্নে এক গুরুত্বপূর্ণ স্মারক।
স্বদেশ প্রতিদিন/এস পি