প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১:১৮ পিএম আপডেট: ১৭.১১.২০২৬ ১:২০ PM

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলম নতুন এ তারিখ নির্ধারণ করেন। এদিন শুনানিতে অংশ নিতে আদালতে উপস্থিত ছিলেন পরীমনি। তার পক্ষে শুনানি করেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলাটিতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমনি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ নভেম্বর শুনানির দিন নির্ধারণ করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। পরদিন র্যাব বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে পরীমনির বাসায় মাদক রাখা, মাদক সংগ্রহ এবং বহনে নিজের গাড়ি ব্যবহারের অভিযোগ আনা হয়। ২০২২ সালের ৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলেও ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। পরে উচ্চ আদালতের নির্দেশনায় মামলাটিতে পুনরায় অভিযোগ গঠনের শুনানির উদ্যোগ নেওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি