প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:৫৯ AM

গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে শুরু হওয়া এ বিক্ষোভে হাজারো শ্রমিক অংশ নেন। একই সময়ে জয়দেবপুর সড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকাতেও অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা।
স্থানীয়রা জানান, জয়দেবপুর-চান্দনা চৌরাস্তা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা তাঁদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। পুলিশ জয়দেবপুর ও নাওজোর এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে দেয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাঁদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
স্বদেশ প্রতিদিন/এস পি