প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ১২:৪৬ AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মঙ্গলবার সন্ধ্যায় ‘শাহবাগবিরোধী ছাত্র ঐক্য মঞ্চ’ ও ‘গণতান্ত্রিক ছাত্রজোট’-এর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্যাম্পাসের পরিবহন চত্বর ও শহীদ বুদ্ধিজীবী চত্বর এলাকায় সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘শাহবাগীদের বিচারের’ দাবিতে বিক্ষোভ মিছিল করে শাহবাগবিরোধী ছাত্র ঐক্য মঞ্চ। একই সময়ে গণতান্ত্রিক ছাত্রজোট জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তির ঘোষণার প্রতিবাদে মশাল মিছিল করে। এক পর্যায়ে উভয় পক্ষের কর্মসূচি সামনে পড়লে বচসা শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় শাহবাগবিরোধী ছাত্র ঐক্য মঞ্চের নেতাকর্মীদের ‘শাহবাগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘বামদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘ছাত্রফ্রন্টের দুই গালে, জুতা মারো তালে তালে’ ইত্যাদি উসকানিমূলক স্লোগান দিতে শোনা যায়।
শাহবাগবিরোধী ঐক্য মঞ্চের আহ্বায়ক রাকিবুল ইসলাম দাবি করেন, ২০১৩ সালের শাহবাগ আন্দোলনকে ‘মবতন্ত্র’ উল্লেখ করে বলেন, "রাষ্ট্রের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা আবারো সেই ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে, তাদের বিচারের দাবিতে আমরা শান্তিপূর্ণ মিছিল করি। কিন্তু ছাত্রজোট মশাল নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।"
এদিকে গণতান্ত্রিক ছাত্রজোটের নেতারা অভিযোগ করেন, শাহবাগবিরোধী মিছিলের নামে ক্যাম্পাসে জামায়াতপন্থী ও শিবির সংশ্লিষ্টদের সক্রিয়তা বেড়েছে। ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, “আমরা জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তির প্রতিবাদে শান্তিপূর্ণ মশাল মিছিল করছিলাম। তখনই শাহবাগবিরোধী মিছিল থেকে আমাদের ওপর হামলা চালানো হয়। সেখানে শিবিরের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরাও ছিল।”
সংঘর্ষে আহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এখনও বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
স্বদেশ প্রতিদিন/এনআর