গণতন্ত্র ভালো না মন্দ সেই বিতর্ক অনেক লম্বা। আপাতত যিনি গরীব বা খেটে খায় তার ব্যক্তিগত উন্নয়নে ভোটাধিকার বা গণতন্ত্র কিভাবে কাজ করবে সেটাই মুখ্য বিষয়। দুনিয়ার অনেক দেশেই সামরিক শাসন বা রাজতন্ত্র চলছে সেখানেও গরীব ধনী বসবাস করছে, সেখানেও গরীবের জন্য কাজ চলমান রয়েছে। কোনটা ভালো গণতন্ত্র, রাজতন্ত্র নাকি সামরিক শাসন?
বাংলাদেশের গণতন্ত্রে গরীবের অবস্থান
ধরুন গত ১৭ বছর একদল শাসন করেছে। তাদের বক্তব্য ছিল এমন যে, দুনিয়ার সেরা গণতন্ত্র কায়েম করেছিল, ভোটাধিকার ছিল, প্রচুর উন্নয়ন হয়েছে, ডিজিটাল হয়েছে সবকিছু, কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হত না, সরকারি অফিসে গেলে বিনামূল্যে হাসিমুখে সেবা দেয়া হত, কোন ঘুষের লেনদেন ছিল না, জনপ্রতিনিধিরা ছিল খলিফাদের উত্তরসুরী, পীরসাবরা নির্ভয়ে তরিকার খেদমত করতে পারত, শিক্ষায় অনন্য উচ্চতায় পৌছে গেছিল, এই ছিল গত ১৭ বছরের বয়ান। কিন্তু বাস্তবে উক্ত বয়ানের আংশিক সত্য বা মিথ্যা মিলিয়েই ছিল।
বর্তমান তন্ত্র?
বিষয়টি এমন নয় যে হঠাৎ সৎ শাসক কেউ আসলেই দেশ ছ্যালছ্যালাইয়া ভালো হয়ে যাবে। বিগত সময়ে যেসকল সরকারি অফিসে ঘুষখোর ছিল সে হঠাৎ করে কেন ভাল হবে? ঘুষখোর সাময়িক ঘুষ নেয়া অফ রেখেছিল, এখন অই ছেঁচড়া অফিসারটা আবার ঘুষ খাওয়া শুরু করেছে? জনমানুষের চরিত্র বা স্বভাব যদি ভাল না হয় তবে একটি রাস্ট্র কাঠামো কখনো উন্নত হতে পারে না। গরিবরা ঠিকই লাইনে দাঁড়িয়ে বিভিন্ন ভাতা গ্রহণ করত। আর যারা গণতন্ত্রের জন্য লড়াই করে শাসকের কাছাকাছি ছিল তারা টেন্ডারবাজি, চান্দাবাজি, বখশিশ, ২০০/১০০ টাকা থেকে শুরু করে কোটি টাকার হাদিয়া নিয়ে কোটিপতি হয়েছে। গরিব আগের জায়গায় রয়েছে, যতটুকু উন্নতি করেছে তার নিজের কষ্ট করে।
গণতন্ত্রে টেন্ডার কারা পায়?
গরিব, মসজিদের ইমাম বা মোয়াজ্জিন, মিস্কিন, প্রতিবন্ধীদের কেন টেন্ডার বা ইজারা দেয়া হয় না? যারা গণতন্ত্রের জন্য ভোট দেয় তারা কেন পায় না টেন্ডার বা ইজারা? ইজারা বা টেন্ডারবাজিতে গরিবের কোটা নাই কেন? এগুলা লাভজনক তাই গণতন্ত্রের জন্য জেল জুলুমের শিকার নেতাকর্মীরা একান্ত হক্বদার?
১৭ বছর পরে এখন যারা টেন্ডার, বাজার ঘাট, মাঠ পাচ্ছে তারা কেউ গরিব বা অসহায় না। তারা ভোটাধিকারের আন্দোলনের ফসল ঘরে তুলছেন।
মোদ্দাকথা হল গণতন্ত্রের সবক দিয়ে চিল্লানোর পেছনের মূলকাহিনী হল ২ হাতে বেহিসাবী টাকা কামানো। সেই টাকা থেকে ভোটের সময় গরিবকে চা-বিস্কুট দিয়ে ভোটে আনা।
সমাধান কি?
শাসকের ফরমেট যেটাই হউক, সকল নাগরিকদের সাথে ইনসাফপূর্ন শাসন চাই। গণতন্ত্র, রাজতন্ত্র বা সামরিক শাসন? যেই শাসনে জুলুমের অবসান হবে সেই শাসন চলুক। চোর যদি জনপ্রতিনিধি হয় তাহলে চুরি করবেই, আবার রাজা যদি চোর হয় সেও চুরি করবে? সর্বোপরি ভালো, সৎ, নীতিবান মানুষের শাসন জরুরি।
লেখক: আইনজীবী
স্বদেশ প্রতিদিন/এনআর