শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
জলবায়ু সংকটে বাল্যবিবাহের ঝুঁকি, ঢাকায় আলোচনা সভা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:২৬ পিএম আপডেট: ১৭.১০.২০২৬ ৬:২৮ PM

মেয়েদের সুরক্ষা, শিক্ষা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে যৌথ উদ্যোগের আহ্বান

ঢাকা, ১৭ অক্টোবর: জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের মেয়েদের বাল্যবিবাহের ঝুঁকি নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন (আইএইচএফ) ও ইসমাইলি সিভিক বাংলাদেশ। আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার ইসমাইলি জামাতখানা অ্যান্ড সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন খাতের বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে দুটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়। এতে উঠে আসে, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নানা সংকট কীভাবে পরিবারগুলোর ওপর অর্থনৈতিক ও সামাজিক চাপ বাড়ায় এবং মেয়েদের বাল্যবিবাহের ঝুঁকি তৈরি করে। জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, নারী-পুরুষের বৈষম্য ও মেয়েদের অধিকার—এই বিষয়গুলো পরস্পরের সঙ্গে জড়িত। তাই এসব সমস্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন আলোচকেরা।

অনুষ্ঠানে মূল বক্তব্যে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আদনান হোসেন বলেন, জলবায়ু পরিবর্তন ও বাল্যবিবাহকে আলাদা সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিবারের আয় কমে যায়। ফলে মেয়েদের পড়াশোনা বাধাগ্রস্ত হয় এবং তাদের ওপর সংসারের দায়িত্ব এসে পড়ে। এমন পরিস্থিতিতে চাপে পড়ে অনেক পরিবার মেয়েদের অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য হয়।

এ প্রসঙ্গে তিনি বলেন, “একটি ঝড় একটি পরিবারের জীবন এলোমেলো করে দিতে পারে। স্কুলঘর ভাসিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু কোনো দুর্যোগই যেন একটি মেয়ের স্বপ্নপূরণ বা নিজের ভবিষ্যৎ গড়ার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে আমাদের কাজ করতে হবে।”

প্রথম প্যানেল আলোচনায় সঞ্চালক ছিলেন ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের উপদেষ্টা শামীমা আক্তার। এতে অংশ নেন সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (সি৩ইআর) উপপরিচালক রৌফা খানুম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট অনিতা গাজী রহমান, সিটিব্যাংক এন.এ. বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব করপোরেট অ্যাফেয়ার্স রুমানা আহমেদ এবং জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ইনক্লুশন স্পেশালিস্ট আফসানা চৌধুরী।

দ্বিতীয় প্যানেল আলোচনায় সঞ্চালনা করেন ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সৈয়দ ফজলে নিয়াজ। এতে অংশ নেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ফওজিয়া করিম ফিরোজ, বুরো বাংলাদেশের জেন্ডার অ্যান্ড ক্লাইমেট লিড ও হেড অব রিসার্চ মাইমুনা জাহরা ফারিহ, আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইসরাত করিম ইভ এবং গ্লোবাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস কাউন্সিলের কান্ট্রি লিড ফারাহ আনজুম।

দুটি প্যানেল আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু দুর্যোগের সময় ত্রাণ সহায়তা দিলেই হবে না। দুর্যোগের পর পরিবারগুলো যেন আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেদিকেও গুরুত্ব দিতে হবে। বিশেষ করে মেয়েদের পড়াশোনা, নিরাপত্তা ও ভবিষ্যতের সুযোগ যেন ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করা জরুরি।

এ জন্য মেয়েদের সুরক্ষা জোরদার, শিক্ষা ও আয়ের সুযোগ বাড়ানো এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার উদ্যোগ ও নিজেদের জীবনসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তাঁরা।

অনুষ্ঠানে ইসমাইলি সিভিক বাংলাদেশের লিড মুনিরা আহমেদ ফিদাই বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে মেয়েদের কেবল ভুক্তভোগী হিসেবে দেখলে চলবে না। বরং তাদের নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে আরও নিরাপদ ও সহনশীল সমাজ গড়ে তোলার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালনের সুযোগ নিশ্চিত করতে হবে।”

২০১০ সালে প্রতিষ্ঠিত ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা। শিক্ষা, নারীর ক্ষমতায়ন, তরুণদের দক্ষতা উন্নয়ন ও জরুরি সহায়তার মাধ্যমে দারিদ্র্য দূর করতে কাজ করছে সংস্থাটি।

অন্যদিকে, শিয়া ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী উদ্যোগ ইসমাইলি সিভিক সমাজের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। অনুষ্ঠানটিতে পিআর পার্টনার হিসেবে সহযোগিতা করেছে ব্যাকপেজ পিআর এবং ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে ছিল দ্য নিউজ কমপ্রেস।



স্বদেশ প্রতিদিন/এফএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close