প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:২৭ AM

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২৮ নভেম্বর) দেশের বাজারে এই দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে সংগঠনটি। ওই দিন সকাল ১০টা থেকেই তা কার্যকর হয়। এর আগে ২৬ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। স্বর্ণালঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৯ দফা দাম বেড়েছে, ৭৭ দফা কমেছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি