প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ AM

তিতাস গ্যাস, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) এবং রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে রদবদল করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। তিন প্রতিষ্ঠানের এমডিকে পেট্রোবাংলায় বদলি করে তাঁদের স্থলে নতুন কর্মকর্তাদের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পেট্রোবাংলার কয়েকটি পরিচালক পদেও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
পেট্রোবাংলার নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখা থেকে গত মঙ্গলবার ও বৃহস্পতিবার পৃথক অফিস আদেশে এসব পরিবর্তন আনা হয়। আদেশ অনুযায়ী, তিতাস গ্যাসের এমডি প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজকে পেট্রোবাংলার পরিচালক (প্রোডাকশন শেয়ারিং কনট্রাক্ট-পিএসসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর স্থলে তিতাস গ্যাসের অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসানকে এমডির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। আরপিজিসিএলের এমডি আনোয়ারুল ইসলামকে পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর স্থলে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. আইনুল কবিরকে আরপিজিসিএলের এমডির দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, বাপেক্সের নতুন এমডির চলতি দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন। বাপেক্সের বর্তমান এমডি প্রকৌশলী মো. ফজলুল হককে পেট্রোবাংলায় সংযুক্ত করা হয়েছে। তিতাস গ্যাসের পরিচালক (পিএসসি) পদে অতিরিক্ত দায়িত্ব পালনকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকারকেও পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি