প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:৪০ AM

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
বাসটির নাম আরাফাত পরিবহন। নম্বর খুলনা-ব-১১৫। আগুনে বাসটির পেছনের অংশ ও কয়েকটি আসন পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি বাসস্ট্যান্ডে পার্কিং করা ছিল। এ সময় বাসটির পেছনের দিকের আসনে আগুন দেখতে পান অন্য বাসের হেলপাররা। তাঁরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি ও থানা-পুলিশের সদস্যরা। এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ইউএনও আতাউর রাব্বি বলেন, কে বা কারা আগুন লাগিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি