প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:২৪ AM

প্রায় এক মাসের শ্রমিক আন্দোলনের পর গাজীপুরের শিল্পাঞ্চলে স্বস্তি ফিরতে শুরু করেছে। মজুরি বোর্ড ঘোষিত নতুন মজুরি মেনে নিয়ে শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। এতে কারখানাগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। বন্ধ থাকা কারখানাগুলোও এদিন খুলে দেওয়া হয়েছে।
সকাল সাড়ে ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ি, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়। আগে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলনের কারণে শিল্পাঞ্চলের প্রায় ৭০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। শ্রমিকদের বিক্ষোভের কারণে প্রতিদিন অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হতো। তবে শনিবার সকাল ৯টা পর্যন্ত জেলার কোথাও আন্দোলন, বিক্ষোভ বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।
পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন গার্মেন্টসের শ্রমিক সিফাত, আরমান ও মিনা আক্তার বলেন, ‘নতুন মজুরিতে আমরা খুশি। আমরা আর কোনো আন্দোলন চাই না।’ শ্রমিক রাহিমা ও ইতি আক্তার জানান, আগের বেতনে বাড়িভাড়া ও বাজার খরচ চালাতে কষ্ট হতো। নতুন মজুরিতে তাঁরা স্বস্তি বোধ করছেন। সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান বলেন, শ্রমিকেরা আনন্দের সঙ্গে কাজে ফিরছেন, কারখানায় স্বস্তি দেখা দিয়েছে। অন্যদিকে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিকেরা কাজে মনোযোগ দেবেন বলে আশা করছেন তাঁরা। তবে বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি