| শিরোনাম: |

প্রতীকী ছবি
রাজবাড়ীর পাংশায় পারিবারিক বিরোধের জেরে প্রবাসফেরত মৎস্যচাষি মো. গোলাম কিবরিয়ার মাছের পুকুরে একাধিকবার বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে তাঁর সৎ ভাইয়ের বিরুদ্ধে। দ্বিতীয় দফায় প্রকাশ্যে পুকুরে বিষ প্রয়োগের দৃশ্য ভিডিও করতে গেলে তাঁর স্ত্রী, সন্তান, বোন ও ভাগ্নিকে মারধরের অভিযোগও পাওয়া গেছে। এ সময় তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নিয়ে পুকুরে ফেলে দেওয়ার পাশাপাশি বসতবাড়িতে ভাঙচুরের অভিযোগ করেছেন ভুক্তভোগী।
আহতরা হলেন গোলাম কিবরিয়ার স্ত্রী মোছা. শামীমা আক্তার (২৭), মেয়ে মেহের জান (১২), বোন মোছা. রাশিদা খাতুন ও ভাগ্নি মোছা. লিসা। তাঁদের মধ্যে শামীমা আক্তার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন গোলাম কিবরিয়ার সৎ ভাই মো. শোভন মণ্ডল (৩০) ও তাঁর স্ত্রী মোছা. অন্তরা খাতুন, মো. গোলাম রব্বান মণ্ডল (৩৮) ও তাঁর স্ত্রী মোছা. নাহার খাতুন, সৎ বোন মোছা. রিনা খাতুন এবং সৎ মা মোছা. জবেদা বেগম।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে পাংশা পৌরসভার কুলটিয়া এলাকায় পাংশা-নাদুরিয়া সড়কের পাশের একটি মাছের পুকুরে বিষ প্রয়োগ করা হয়। এ সময় গোলাম কিবরিয়ার মেয়ে ও কলেজপড়ুয়া ভাগ্নি ঘটনাটি মুঠোফোনে ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্তরা তাঁদের ফোন কেড়ে নিয়ে পুকুরে ফেলে দেন এবং মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে তাঁদের চিৎকার শুনে গোলাম কিবরিয়ার স্ত্রী ও বোন এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয় বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
গোলাম কিবরিয়া বলেন, “আমি দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলাম। প্রবাসে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ দিয়ে জমি কিনে দেশে ফিরে মাছ চাষ শুরু করি। কিন্তু জমি নিয়ে সম্প্রতি আমার সৎ ভাই-বোনদের সঙ্গে বিরোধ চলছে। এর জেরে চলতি মাসের ৪ তারিখ রাতে ভুরকুলিয়া মাঠের ভেতরে আমার মাছের পুকুরে বিষ প্রয়োগ করা হয়। এতে প্রায় দুই লাখ টাকার মাছ মারা যায়।”
তিনি আরও বলেন, “গত বৃহস্পতিবার দুপুরে আবারও প্রকাশ্যে পুকুরে বিষ প্রয়োগ করা হয়। এতে প্রায় ৫০ হাজার টাকার মাছ মারা গেছে। ঘটনাটি ভিডিও ধারণ করতে যাওয়ায় আমার স্ত্রী, মেয়ে, বোন ও ভাগ্নিকে মারধর করা হয়েছে। পাশাপাশি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। বর্তমানে আমার স্ত্রী-সন্তানকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে বলে আমি আশঙ্কা করছি।”
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।