প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:১৯ পিএম

পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিশেষ নজরদারি কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ কার্যক্রমে দিন-রাত টহলের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, ড্রোন ও বিশেষ যান অল-টেরেইন ভেহিকল (এটিভি) ব্যবহার করা হচ্ছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জেলার প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় এ কার্যক্রম শুরু হয়।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয়দের সম্পৃক্ত করতে বিভিন্ন এলাকায় মাইকিং ও সচেতনতামূলক সভা করা হচ্ছে।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিজিবি সব সময় সতর্ক রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নজরদারি, টহল ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এস পি