প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:২৮ AM

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে রাশিয়ার হামলায় ধসে পড়া একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচে ১৪ ঘণ্টা আটকে থাকার পর সাত বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে চালানো এ হামলায় ডাইমার শহরে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। ধসে পড়া ভবনটি থেকে ৭৯ বছর বয়সী এক নারীকেও জীবিত উদ্ধার করা হয়েছে। শিশু ও ওই নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও জাতীয় পুলিশ শিশুটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। উদ্ধার অভিযানে পুলিশ, বিস্ফোরক বিশেষজ্ঞ, প্রশিক্ষিত কুকুরের দল ও চিকিৎসাকর্মীরা অংশ নিচ্ছেন। জেলেনস্কি জানান, ঘটনাস্থলে ১৩০ জনের বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত অভিযান চলবে। তবে বারবার বিমান হামলার সতর্কতা ও নতুন হামলার আশঙ্কায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানান, স্থানীয় সময় রোববার ভোর ৫টার দিকে আবাসিক ভবনটিতে হামলা হয়, যখন বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। এ ছাড়া কিয়েভ অঞ্চলের বিলায়া তসেরকভা শহরে একটি বাড়িতে হামলায় একজন নিহত হয়েছেন। ভিশনেভ শহরের একটি মুদি দোকানে হামলায় নিহত হয়েছেন তিনজন, আহত হয়েছেন ১৩ জন। আহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র। দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি বিদ্যুৎ উপকেন্দ্রেও হামলার খবর জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্হি কোরেৎস্কি। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান চলছে।
স্বদেশ প্রতিদিন/এস পি