প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:০০ AM

বিশ্ববাজারে টানা তিন সপ্তাহ ধরে কমছে জ্বালানি তেলের দাম। সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ১৬ মিনিটে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম কমে দাঁড়ায় ৯২ ডলার ২৯ সেন্টে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম নেমে আসে ৮৩ ডলার ২৬ সেন্টে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্টের দাম আগের তুলনায় ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ১৫ সেন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ কমেছে। এর আগের সপ্তাহে দুই ধরনের তেলের দাম যথাক্রমে ৪ ও ৫ শতাংশ কমেছিল।
বিশ্বের বিভিন্ন শেয়ারবাজারে দরপতন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ পণ্যবাজারেও প্রভাব ফেলছে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত ও জ্বালানি পরিবহনে হামলার ঘটনা তেলের দাম আরও কমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। রোববার ইয়েমেনের ইরানপন্থী হুতি গোষ্ঠী সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার দাবি করেছে। এ ছাড়া পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির কাছাকাছি কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার খবর পাওয়া গেছে। এতে তেল সরবরাহে ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
এদিকে তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিষয়ে দেশগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। কোনো চুক্তি ছাড়াই রোববার আলোচনা শেষ হয়। অন্যদিকে আগামী ২৯ নভেম্বর ওপেক প্লাসের মন্ত্রীরা বৈঠকে বসবেন। সেখানে ২০২৭ সালের তেল উৎপাদন নীতি নিয়ে আলোচনা হবে। এই জোটের সিদ্ধান্ত আগামী দিনে বিশ্ববাজারে তেলের দামে প্রভাব ফেলতে পারে।
স্বদেশ প্রতিদিন/এস পি