প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:১৩ পিএম

সংগৃহীত ছবি
ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশের একটি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ)।
আইএনএ জানায়, হারথা বিদ্যুৎকেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। পরে তা পার্শ্ববর্তী বাড়িঘরে ছড়িয়ে পড়ে। দেশটির সিভিল ডিফেন্স ডিরেক্টরেট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
অগ্নিকাণ্ডের পর ৮০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আগুনের ধোঁয়ার কুণ্ডলী, পুড়ে যাওয়া গাড়ি এবং উদ্ধার তৎপরতা দেখতে মানুষের ভিড় দেখা গেছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
ইরাকের বিদ্যুৎ অবকাঠামো দীর্ঘদিন ধরে সংকটে রয়েছে। কয়েক দশকের অপর্যাপ্ত বিনিয়োগ ও রক্ষণাবেক্ষণের অভাবের পাশাপাশি চাহিদার সর্বোচ্চ সময়ে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেয়। বিশেষ করে গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের সময় এ সংকট প্রকট হয়।
এর আগেও দেশটির বিভিন্ন সাবস্টেশন ও বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড এবং কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এসব ঘটনায় বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে।