প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৩৬ AM

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। শহরের উইলিস টাওয়ারের কাছে আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের নতুন নাম রাখা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।
স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) দুপুরে এক অনুষ্ঠানে সড়কটির নামফলক উন্মোচন করেন শিকাগো সিটির অ্যালডারম্যান গিলবার্ট ভিলেগাস। গত ২৩ সেপ্টেম্বর খালেদা জিয়ার অবদান স্মরণীয় করে রাখতে সড়কটির নামকরণের প্রস্তাব দিয়েছিলেন তিনি। সেই প্রস্তাবের ভিত্তিতেই নাম পরিবর্তন করা হয়।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম বলেন, জীবন ও সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়া আদর্শ, সততা, দেশপ্রেম ও আত্মত্যাগের দৃষ্টান্ত রেখে গেছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, শিকাগোর মতো বিশ্বখ্যাত শহরে তাঁর নামে সড়কের নামকরণ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম ও প্রবাসী বাংলাদেশিদের জন্য ঐতিহাসিক গৌরবের বিষয়। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এস পি