প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:৪৭ পিএম

মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) গার্মেন্ট এক্সেসরিজ তৈরির কারখানা স্থাপনে ৮ দশমিক ০৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে দেশীয় প্রতিষ্ঠান ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেড। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। চুক্তিতে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক তাজউদ্দিন আহমেদ সজীব স্বাক্ষর করেন।
প্রতিষ্ঠানটি বছরে ১ কোটি ৯৫ লাখ কেজি গার্মেন্ট এক্সেসরিজ উৎপাদন করবে। এর মধ্যে পলি ব্যাগ ও শিট, বিভিন্ন ধরনের টেপ, কার্টন, হ্যাং ট্যাগ, প্রাইস ট্যাগ, বারকোড স্টিকার, আরএফআইডি লেবেলসহ বিভিন্ন পণ্য রয়েছে। কারখানাটিতে ৪৪৮ জন বাংলাদেশিসহ মোট ৪৫০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি কারখানা স্থাপন ও ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
বেপজার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত মোংলা ইপিজেডে ৩৯টি শিল্পপ্রতিষ্ঠান চালু রয়েছে এবং আরও ছয়টি বাস্তবায়নাধীন। এ পর্যন্ত এ ইপিজেড থেকে ১ হাজার ৭০৪ দশমিক ০৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এখানে প্রকৃত বিনিয়োগের পরিমাণ ২৭১ দশমিক ৯৮ মিলিয়ন ডলার এবং কর্মরত বাংলাদেশির সংখ্যা ১৬ হাজার ১৬৭ জন।
স্বদেশ প্রতিদিন/এস পি