প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১:১২ পিএম

দেশের পণ্য ও যাত্রী পরিবহনে সক্ষমতা বাড়াতে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৩০টি নতুন মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ (রেল ইঞ্জিন) সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। ‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব ইঞ্জিন বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে। প্রকল্পের ৮১১ কোটি ৩৮ লাখ টাকা সরকার এবং বাকি ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা ঋণ দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)।
রেলওয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সংস্থাটির বহরে ২৯২টি লোকোমোটিভ রয়েছে। এর মধ্যে ১৬৪টি মিটারগেজ ইঞ্জিন। এসব মিটারগেজ ইঞ্জিনের ১১৫টির অর্থনৈতিক আয়ুষ্কাল পেরিয়ে গেছে। এর মধ্যে ৬২টির বয়স ৪০ বছরের বেশি। নতুন ইঞ্জিন যুক্ত হলে পুরোনো ইঞ্জিনের ওপর নির্ভরতা কমার পাশাপাশি ট্রেন পরিচালনার সক্ষমতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে দেশের মোট পণ্য পরিবহনের মাত্র ৩ থেকে ৪ শতাংশ রেলপথে হয়ে থাকে। নতুন ইঞ্জিনের মাধ্যমে মালবাহী ট্রেন পরিচালনার সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটি ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইঞ্জিনের পাশাপাশি খুচরা যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ সরঞ্জাম ও কারিগরি সহায়তা সংগ্রহ এবং সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রতিটি ইঞ্জিনের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৬৯ কোটি টাকা। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। তবে রেলওয়ের কর্মকর্তাদের হিসাবে, সংস্থাটির প্রয়োজন প্রায় ৭০ থেকে ৮০টি লোকোমোটিভ। ফলে ৩০টি ইঞ্জিন সংগ্রহের পরও আরও ইঞ্জিনের প্রয়োজন থাকবে।
স্বদেশ প্রতিদিন/এস পি