প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:১২ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে ১০ নং গোড়াই ইউনিয়নের জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সেই রাতেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় ফ্লাইওভারের নিচে পরপর কয়েকটি পেট্রোলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পৃথক এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার গোড়াই হাইওয়ে থানার পাশে মহাসড়ক সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর কয়েক মিনিট পর একই এলাকার হাটুভাঙ্গা ফ্লাইওভারের উপর থেকে পেট্রোলবোমা নিক্ষেপ ও আশপাশের এরিয়াতে পরপর আরো কয়েকটি পেট্রোলবোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
হঠাৎ অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় গোড়াইসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে
স্থানীয় তথ্য সূত্রে জানা যায়, রাত ১২ টার দিকে দুর্বৃত্তরা প্রথমে গোড়াই হাইওয়ে থানার পাশে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয়। আগুনে স্মৃতিস্তম্ভটি পুড়ে যায়। এর কিছুক্ষণ পর গোড়াই ফ্লাইওভারের নিচে পরপর কয়েকটি পেট্রোলবোমা বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্মৃতিস্তম্ভটি পুড়ে যায়। পরে খবরটি জানাজানি হলে রাতেই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম ও গোড়াই ইউনিয়ন শ্রমিক দল নেতা হাবিব, মামুন, আরিফের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ, মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এবিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে মির্জাপুর থানা ও গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাশকতা প্রতিরোধে গত কয়েক দিন ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, শিল্পাঞ্চল গোড়াই ইউনিয়নে এবং উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে ও গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে বলে তিনি জানান।
স্বদেশ প্রতিদিন/এস পি