প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:০০ পিএম

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) উচ্চমানের পোশাক কারখানা স্থাপনে ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে সিঙ্গাপুর ও চীনের মালিকানাধীন প্রতিষ্ঠান জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড। এ বিনিয়োগের মাধ্যমে ২ হাজার ২৩০ বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বুধবার (১৮ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে প্রতিষ্ঠানটির জমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বেপজার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম ইপিজেডে আগে সিয়ামস সুপিরিয়র লিমিটেডের কারখানা ছিল। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের আগস্টে কার্যক্রম বন্ধ করে দিলে বেপজা নিয়ম অনুযায়ী কারখানার যন্ত্রপাতি ও অবকাঠামো নিলামে তোলে। উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্টস এসব সম্পদ কিনে নেয়। তিনটি প্লটে থাকা বিদ্যমান অবকাঠামো সংস্কার করে নতুন বিনিয়োগে উৎপাদন কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি। বছরে ২৫ লাখ পিস উচ্চমানের পোশাক উৎপাদনের পরিকল্পনা রয়েছে তাদের। এসব পণ্য ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হবে।
চুক্তিতে বেপজার পক্ষে স্বাক্ষর করেন সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং জয়ফুলের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হান জুনশিয়াও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রয়োজনীয় সংস্কারকাজ শেষে ২০২৭ সালের মার্চে উৎপাদন শুরু করার লক্ষ্য রয়েছে তাঁদের।
স্বদেশ প্রতিদিন/এস পি