প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:২২ AM

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১২ হাজার ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকায় বিক্রি হবে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় এ সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। স্বর্ণালংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করেছিল বাজুস। অর্থাৎ দুই দিনে এই ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে মোট ৫ হাজার ৪৮২ টাকা কমেছে। বাজুসের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার বেড়েছে, ৭৪ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি