প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:৩৯ পিএম

চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্কের জঙ্গল শীলকূপে বনভূমি দখল উচ্ছেদ করতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে বন কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আব্দুল হামিদ শুনানি শেষে এ আদেশ দেন। একই মামলায় দুই নারী আসামির জামিন মঞ্জুর করে আদালত।
কারাগারে পাঠানো চার আসামি হলেন–শীলকূপ ইউপির ৯ নম্বর ওয়ার্ডের করলাশিয়া এলাকার মো. বোরহান (২৫), ইজ্জত আলী (৩৮), মো. এহছান (২৫) ও মোস্তফা আলী (৪৫)। জামিনপ্রাপ্ত দুই নারী আসামি হলেন-মামলার প্রধান আসামি মো. লিয়াকত আলীর স্ত্রী নাছিমা আক্তার (২৭) এবং ইজ্জত আলীর স্ত্রী আক্তারনী বেগম (৩০)।
এরআগে, গত ৩ নভেম্বর বাঁশখালী ইকোপার্কের জঙ্গল শীলকূপে সরকারি সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে মাটি কেটে বসতঘর নির্মাণের খবরে বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উচ্ছেদ অভিযানে গেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বনকর্মীদের কাজে বাধা দেন এবং তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলে ৬/৭ জন বনকর্মী আহত হন।
এ ঘটনায় গত ৮ নভেম্বর বাঁশখালী ইকোপার্কের ফরেস্ট রেঞ্জার ইসরাঈল হক বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা করেন। এ ঘটনায় জড়িত লেয়াকত আলীসহ ৯ জনের নাম উল্লেখ করে আরও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি