
সংগৃহীত ছবি
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন অর্থায়নের প্রশ্নে কার্যত অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর প্রথম সপ্তাহ। তুরস্কের আন্তালিয়ায় ৯ নভেম্বর শুরু হওয়া এ সম্মেলনে জলবায়ু ক্ষয়ক্ষতি মোকাবিলা, অভিযোজন এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থের জোগান বাড়ানোর দাবি জোরালোভাবে উঠলেও এখন পর্যন্ত এসব বিষয়ে বড় কোনো নতুন অনুদান বা ক্ষতিপূরণ তহবিলের ঘোষণা আসেনি।
বরং অর্থায়নের দায়িত্ব কার, অর্থ কোথা থেকে আসবে এবং কীভাবে তা ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে পৌঁছাবে—এসব প্রশ্নে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়েছে। এই সম্মেলনে ধনী-দরিদ্র দেশগুলোর মধ্যে চলমান দর কষাকষির তেমন কোন ইতিবাচক প্রভাবও চোখে পড়েনি। বরাবরের মত এবারের সম্মেলনেও উপেক্ষিত ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলো দাবিদাওয়া। এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের সরকার বা রাষ্ট্র প্রধানরা তুরস্ক ছেড়েছেন। সম্মেলন এখন শেষ পর্যায়ে। কিন্তু আগের সম্মেলনের প্রতিশ্রুতির বাস্তবায়ন কিংবা নতুন করে অর্থায়ন প্রস্তাবের তেমন কোন ইতিবাচক অগ্রগতি হয়নি। ফলে অর্থায়ন ইস্যু থাকছে অমীমাংসিত।
সম্মেলনের প্রথম সপ্তাহে বিভিন্ন আলোচনায় জলবায়ু অর্থায়ন, ন্যায্য জ্বালানি রূপান্তর, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পেলেও মূল রাজনৈতিক সিদ্ধান্তগুলো এখনো ঝুলে রয়েছে। উন্নয়নশীল দেশগুলো সহজে পাওয়া যায় এমন, পূর্বানুমানযোগ্য এবং অনুদানভিত্তিক অর্থায়নের দাবি জানাচ্ছে। অন্যদিকে উন্নত দেশগুলোর পক্ষ থেকে সরকারি অর্থের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ, বিদ্যমান আর্থিক ব্যবস্থা এবং বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহের ওপর জোর দেওয়া হচ্ছে। এ অবস্থায় সম্মেলনে ১০ বিলিয়ন ডলারের একটি নতুন জলবায়ু বিনিয়োগ উদ্যোগ ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্য, নরওয়ে ও কানাডার তিনটি উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ২০৩০ সালের মধ্যে উদীয়মান অর্থনীতির দেশগুলোতে জলবায়ু প্রকল্পে এ অর্থায়নের লক্ষ্য নিয়েছে।
তবে এই অর্থের মধ্যে বেসরকারি খাত থেকে সংগৃহীত বিনিয়োগও অন্তর্ভুক্ত থাকবে। ফলে এটি দরিদ্র দেশগুলোর জন্য সরাসরি অনুদান বা ক্ষতিপূরণ তহবিল নয়। বরং নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ অবকাঠামো, জ্বালানি সংরক্ষণ, টেকসই জ্বালানি এবং শিল্প খাতের কার্বন নিঃসরণ কমানোর প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ।
অর্থায়নের পুরোনো প্রতিশ্রুতি, নতুন নিশ্চয়তা নেই
জলবায়ু অর্থায়ন নিয়ে এবারের সম্মেলনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, উন্নত দেশগুলো তাদের আগের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করছে। ২০২৪ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জন্য ২০৩৫ সালের মধ্যে বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়ন সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে সরকারি ও বেসরকারি সব উৎস মিলিয়ে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার অর্থায়নে পৌঁছানোর আহ্বান জানানো হয়।
তবে এসব লক্ষ্য কপ-৩১ সম্মেলনে নতুন করে পাওয়া অর্থ নয়। এগুলো কপ-২৯-এ নেওয়া আগের সিদ্ধান্ত। উন্নয়নশীল দেশগুলোর উদ্বেগ হলো, ঘোষিত অর্থের বড় অংশ কীভাবে আসবে, কতটা অনুদান হবে, কতটা ঋণ বা বিনিয়োগ হিসেবে দেওয়া হবে এবং অর্থ পাওয়ার প্রক্রিয়া কতটা সহজ হবে—তার সুস্পষ্ট নিশ্চয়তা এখনো নেই।
বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে যেসব দেশ ঘূর্ণিঝড়, বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততার মতো সংকটে পড়ছে, তাদের জন্য ঋণনির্ভর অর্থায়ন নতুন চাপ তৈরি করতে পারে। এসব দেশের অনেকেরই ঋণ পরিশোধের সক্ষমতা সীমিত। অথচ জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী দেশগুলোর তুলনায় তাদের নিঃসরণও কম। এ কারণে উন্নয়নশীল দেশগুলো জলবায়ু অর্থায়নে অনুদানের অংশ বাড়ানোর দাবি জানিয়ে আসছে।
ক্ষয়ক্ষতি তহবিল নিয়ে প্রত্যাশা
জলবায়ু পরিবর্তনের ফলে যেসব ক্ষতি আর এড়ানো সম্ভব নয়, সেগুলো মোকাবিলার জন্য ক্ষয়ক্ষতি তহবিল বা লস অ্যান্ড ড্যামেজ ফান্ড গুরুত্বপূর্ণ। বিশেষ করে ছোট দ্বীপরাষ্ট্র, স্বল্পোন্নত দেশ এবং উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য এ তহবিলের প্রয়োজনীয়তা বেশি। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙন কিংবা দীর্ঘস্থায়ী খরায় ঘরবাড়ি, কৃষিজমি, অবকাঠামো ও জীবিকার যে ক্ষতি হয়, তা শুধু প্রচলিত উন্নয়ন সহায়তা দিয়ে পূরণ করা কঠিন।
কপ-৩১-এর আলোচনায় ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়টি থাকলেও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা অনুযায়ী নতুন অর্থের নিশ্চয়তা এখনো মেলেনি। জাতিসংঘের জলবায়ু কাঠামো সনদের অধীনে ক্ষয়ক্ষতি মোকাবিলার বিদ্যমান ব্যবস্থার কার্যকারিতা এবং অর্থপ্রাপ্তির সুযোগ নিয়েও আলোচনা চলছে। কিন্তু তহবিলে পর্যাপ্ত অর্থের জোগান, অর্থ ছাড়ের গতি এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে তা পৌঁছানোর প্রক্রিয়া নিয়ে উদ্বেগ রয়ে গেছে।
অভিযোজনেও অর্থের ঘাটতি
জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন সক্ষমতা বাড়ানো জরুরি। বাঁধ নির্মাণ ও সংস্কার, উপকূলীয় সুরক্ষা, জলাবদ্ধতা নিরসন, লবণসহিষ্ণু কৃষি, সুপেয় পানির ব্যবস্থা, আগাম সতর্কীকরণ এবং দুর্যোগ-সহনশীল অবকাঠামো গড়ে তুলতে বিপুল অর্থের প্রয়োজন। কিন্তু অভিযোজন খাতে অর্থায়ন এখনো প্রয়োজনের তুলনায় অনেক কম বলে উন্নয়নশীল দেশগুলোর অভিযোগ। এবারের সম্মেলনে অভিযোজনের অগ্রগতি পর্যালোচনা, অর্থায়ন এবং সংশ্লিষ্ট সূচক নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। প্রথম সপ্তাহে অভিযোজনবিষয়ক কিছু কারিগরি সিদ্ধান্ত ও আলোচনার অগ্রগতি থাকলেও অর্থের পরিমাণ এবং তা পাওয়ার নিশ্চয়তা নিয়ে চূড়ান্ত সমাধান হয়নি। স্বল্পোন্নত দেশগুলো অভিযোজন খাতে সহায়তা বাড়ানোর পাশাপাশি অর্থপ্রাপ্তির জটিলতা কমানোর দাবি জানিয়েছে।
জাতিসংঘের জলবায়ু আলোচনায় অর্থায়নের বিষয়টি শুধু নতুন তহবিল গঠনের মধ্যে সীমাবদ্ধ নয়। বিদ্যমান গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এবং গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটির (জিইএফ) মতো প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ ছাড়, প্রকল্প অনুমোদন ও অর্থ ব্যবহারের প্রক্রিয়াও আলোচনায় রয়েছে। তবে জিইএফের নবম পুনর্ভরণে উন্নয়নশীল দেশগুলোর জন্য সহায়তা কমে যাওয়ার বিষয়টি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে কয়েকটি দেশ। স্বল্পোন্নত দেশগুলো অভিযোজন খাতে অর্থ বাড়ানোর দাবি জানিয়েছে।
১০ বিলিয়ন ডলারের উদ্যোগে কী থাকছে
সম্মেলনের আলোচিত নতুন উদ্যোগ ‘১০ বাই ৩০’। যুক্তরাজ্যের ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট, নরওয়ের নরফান্ড এবং কানাডার ফিনডেভ কানাডা যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে। ২০৩০ সালের মধ্যে উদীয়মান বাজারগুলোতে ১০ বিলিয়ন ডলারের জলবায়ু অর্থায়ন সংগঠিত করাই এর লক্ষ্য।
এ উদ্যোগের আওতায় নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণব্যবস্থা উন্নয়ন, জ্বালানি সংরক্ষণ, টেকসই জ্বালানি এবং শিল্পের কার্বন নিঃসরণ কমানোর প্রকল্পে অর্থায়ন করা হবে। তিন প্রতিষ্ঠান প্রকল্পের তালিকা বিনিময়, যাচাই-বাছাই সমন্বয় এবং জলবায়ু বিনিয়োগের প্রতিবেদন তৈরিতে একসঙ্গে কাজ করবে। তবে এই ১০ বিলিয়ন ডলারের পুরোটাই সরকারি অনুদান নয়। এতে বেসরকারি খাত থেকে আকৃষ্ট করা অর্থও অন্তর্ভুক্ত। ফলে জলবায়ু অর্থায়নে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে এটি একটি উদ্যোগ হলেও ঘূর্ণিঝড় বা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি পুনর্র্নিমাণ কিংবা উপকূলীয় বাঁধ সংস্কারের জন্য সরাসরি ক্ষতিপূরণ হিসেবে এ অর্থ ব্যবহারের নিশ্চয়তা নেই।
কপ-৩১ সম্মেলন: কী পাচ্ছে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন বাড়ানোর দাবি নিয়ে কপ-৩১ সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে দেশের পক্ষ থেকে অভিযোজন খাতে আন্তর্জাতিক জলবায়ু অর্থের অন্তত ৫০ শতাংশ বরাদ্দ, ঋণের চাপ কমাতে বিশেষ ব্যবস্থা, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব তুলে ধরা হয়েছে। তবে এসব দাবির বিপরীতে এখন পর্যন্ত বড় কোনো অর্থায়ন চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার চেয়ে নতুন তহবিল পাওয়ার সুযোগ ও প্রতিশ্রুতির বিষয়টিই বেশি সামনে এসেছে।
সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য পাঁচ দফা প্রস্তাব দেন। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক জলবায়ু অর্থের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে ব্যয়, ঋণ-জলবায়ু বিনিময় এবং জলবায়ু সহনশীল ঋণব্যবস্থা চালু, পরিবেশবান্ধব প্রযুক্তির ন্যায্য হস্তান্তর, সহজ অর্থায়নে নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং ন্যায্য জ্বালানি রূপান্তরে বেলেম-আন্তালিয়া কর্মপরিকল্পনা গ্রহণ।
বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাও তৈরি হয়েছে। জলবায়ু বিনিয়োগ তহবিলের (সিআইএফ) নতুন কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে দেশটি। এ কর্মসূচিতে বিনিয়োগ পরিকল্পনা তৈরি করে সর্বোচ্চ ৩ কোটি ডলার পাওয়ার আবেদন করা যাবে। উপকূলীয় অবকাঠামো উন্নয়ন, জলবায়ু-সহনশীল কৃষি, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়নে এ অর্থ ব্যবহারের সুযোগ রয়েছে। তবে আমন্ত্রণ পাওয়া মানেই অর্থ অনুমোদন বা ছাড় নিশ্চিত হওয়া নয়।
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ বছরে ১০ থেকে ১১ বিলিয়ন ডলার আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনের কথা জানিয়েছে। অন্যদিকে নিজস্ব অর্থায়নে প্রতিবছর প্রায় সাড়ে ৪ থেকে ৫ বিলিয়ন ডলার জলবায়ুসংশ্লিষ্ট কাজে ব্যয় করছে সরকার। বাংলাদেশের বক্তব্য, আন্তর্জাতিক সম্মেলনে অর্থায়নের প্রতিশ্রুতি বাড়লেও বাস্তবে অর্থ ছাড়ের ক্ষেত্রে বড় ঘাটতি রয়ে গেছে। তাই নতুন প্রতিশ্রুতির পাশাপাশি বিদ্যমান তহবিলের অর্থ দ্রুত ও সহজ প্রক্রিয়ায় পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ আরও বলেছে, জলবায়ু পরিবর্তনের দায় তুলনামূলকভাবে কম হলেও ক্ষতির বোঝা বহন করতে হচ্ছে বেশি। ফলে অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় নতুন ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক সহায়তা বাড়ানো জরুরি। গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি ও অভিযোজন তহবিল থেকে সরাসরি অর্থ পাওয়ার প্রক্রিয়া সহজ করার দাবিও জানিয়েছে ঢাকা।
সব মিলিয়ে কপ-৩১ থেকে বাংলাদেশের তাৎক্ষণিক প্রাপ্তি হিসেবে ৩ কোটি ডলার পর্যন্ত অর্থায়নের আবেদন করার সুযোগ এবং আন্তর্জাতিক পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপনের বিষয়টি সামনে এসেছে। কিন্তু বছরে ১০ থেকে ১১ বিলিয়ন ডলারের প্রয়োজনের তুলনায় এই সম্ভাব্য অর্থায়ন সীমিত। তাই সম্মেলনের শেষ পর্যন্ত বাংলাদেশের বড় প্রত্যাশা থাকবে—অর্থায়নের প্রতিশ্রুতি যেন বাস্তব অর্থে রূপ নেয়, অনুদানের পরিমাণ বাড়ে এবং সেই অর্থ দ্রুত পৌঁছায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে।
দ্বিতীয় সপ্তাহে সিদ্ধান্তের অপেক্ষা
কপ-৩১ সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। প্রথম সপ্তাহে কারিগরি ও প্রক্রিয়াগত কয়েকটি বিষয়ে অগ্রগতি হলেও জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক সমঝোতা এখনো বাকি। দ্বিতীয় সপ্তাহে মন্ত্রী পর্যায়ের আলোচনা এবং সম্মেলনের সভাপতির উদ্যোগে বিভিন্ন পক্ষের মধ্যে সমঝোতা তৈরির চেষ্টা হবে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল ১৩ নভেম্বরের এক বক্তব্যে বলেছেন, জলবায়ু অর্থায়নের লক্ষ্য পূরণ করাই যথেষ্ট নয়; অর্থ এমনভাবে কাজে লাগাতে হবে, যাতে দেশগুলো জলবায়ু সংকট মোকাবিলায় নিজেদের সক্ষমতা বাড়াতে পারে। তাঁর বক্তব্যে অর্থের পরিমাণের পাশাপাশি অর্থায়নের কার্যকারিতা ও বাস্তব সুফলের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে অস্ট্রেলিয়ার জলবায়ুবিষয়ক মন্ত্রী ক্রিস বোয়েন বলেছেন, বৈশ্বিক সংকটের এই সময়ে বহুপক্ষীয় সহযোগিতার কার্যকারিতা প্রমাণ করতে হবে। ঝুঁকিপূর্ণ দেশগুলোর জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির ওপরও তিনি গুরুত্ব দিয়েছেন।