প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:০৪ পিএম

সিরাজগঞ্জে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। শীত মোকাবিলায় জেলার অসচ্ছল মানুষের মাঝে ৫০০ কম্বল বিতরণ করেছে সংস্থাটি। এর মধ্যে ২৫০টি কম্বল জেলা প্রশাসনের কাছে এবং বাকি ২৫০টি জেলার প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসক আমিনুল ইসলামের কাছে ২৫০টি কম্বল হস্তান্তর করেন আশার কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মো. আবুল জলিল, আশা সিরাজগঞ্জ সদর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. ইয়াহিয়া, সদর অঞ্চলের আরএম মো. মিনারুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
আশার কর্মকর্তারা জানান, ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
মানবিক এ উদ্যোগের মাধ্যমে শীতের কষ্টে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে ভূমিকা রাখছে আশা।
স্বদেশ প্রতিদিন/এস পি