প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০৭ AM

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানি আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে শুনানির জন্য মামলাটি কার্যতালিকায় রাখা হয়েছে।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার চার সহযোগী, গাড়িচালক এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালককে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় করা দুটি মামলার বিচার শেষে ২০১৭ সালের ১৬ জানুয়ারি ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং অন্য ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত।
পরে ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অন্য ৯ আসামির বিভিন্ন মেয়াদের সাজাও বহাল থাকে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল বিভাগে আবেদন করেন। মামলাটিতে ২১টি আপিল ও ১৬টি ফৌজদারি আবেদন শুনানির জন্য রয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৮ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত আজকের দিন শুনানির জন্য নির্ধারণ করেন।
স্বদেশ প্রতিদিন/এস পি