বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আজ একনেকের সপ্তম সভা, অনুমোদনের অপেক্ষায় ২১ প্রকল্প      ● মার্কিন এনএসএর গোপন নেটওয়ার্কে বিভ্রাট      ● রেড ক্রিসেন্টের নির্বাচনে ৩৩ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ      ● গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কারখানায় ছুটি      ● দেবীদ্বারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, লুট ৩৫ লাখ টাকার মালামাল      ● গৌরনদীতে অস্ত্রসহ তিনজন গ্রেফতার      ● পিরোজপুরে দুই বাসে আগুন, হেলপারের মৃত্যু      ● শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের      ● দেশে আরও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার      ● মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ      ● দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ      
ক্ষোভ-হতাশায় ১৪ বছরের সুন্নি মহাসম্মেলন বন্ধের ঘোষণা
মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ AM

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুরে খান্দুরা দরবার শরিফের ১৪তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন চরম নাটকীয়তা ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। আলোচিত ইসলামী বক্তা পীর মুফতি গিয়াস উদ্দিন আত্-তাহেরীর অনুপস্থিতি, নিরাপত্তাজনিত শঙ্কা এবং চলমান রাজনৈতিক টানাপোড়েনে ক্ষুব্ধ হয়ে আগামী বছর থেকে এই ঐতিহ্যবাহী মাহফিল আর আয়োজন না করার ঘোষণা দিয়েছেন সম্মেলনের সার্বিক ব্যবস্থাপক ও খান্দুরা দরবার শরিফের পীর সৈয়দ রেজাউল কামাল (ওয়াছিম)।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে তালিবপুর আহসানিয়া মিশন উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন নির্ধারিত স্থানে আয়োজিত মাহফিলের সমাপনী বক্তব্যে তিনি আবেগাপ্লুত ও ক্লান্ত কণ্ঠে এই সিদ্ধান্তের কথা জানান। দীর্ঘ ১৪ বছর ধরে চলে আসা এই ধর্মীয় আয়োজন বন্ধের ঘোষণায় উপস্থিত হাজারো ভক্ত ও মুরিদানের মাঝে শোকের ছায়া নেমে আসে।

রাতভর জল্পনা ও নিরাপত্তার শঙ্কা
মাহফিল চলাকালীন রাতভর তাহেরীকে ঘিরে চলে নানা জল্পনা-কল্পনা। আয়োজকদের পক্ষ থেকে মৌলভীবাজারের মাহফিল শেষ করে তাহেরীর মাধবপুরে যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানানো হলে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উৎকণ্ঠা তৈরি হয়।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুফতি গিয়াস উদ্দিন আত্-তাহেরী মাহফিলস্থলের খুব কাছাকাছি চলে এসেও শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠানে যোগ দেননি। মাহফিল প্রাঙ্গণের অদূরে কাশিমনগর রেললাইন এলাকায় একদল উচ্ছৃঙ্খল লোক লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছে—এমন খবর পাওয়ার পর শুভাকাঙ্ক্ষী ও জ্ঞানীদের পরামর্শে তিনি অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়াতে ফিরে যান।

সম্মেলনের শেষ পর্যায়ে সমাপনী বক্তব্যে খান্দুরা দরবার শরিফের মরহুম পীর আলহাজ্ব সৈয়দ ইলিয়াসুর রহমান (রাহঃ)-এর সাহেবজাদা সৈয়দ রেজাউল কামাল (ওয়াছিম) চলমান পরিস্থিতির প্রতি তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, "দুঃখ ভরা ক্লান্ত মনে আপনাদের কাছে বলতে চাই, আমার এই মাহফিলটা আমি এ বছর থেকেই সমাপ্ত করছি। কারণ আমি রাজনীতির লোক নই, রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি মাহফিল রাজনৈতিক উদ্দেশ্যে করতে চাই না এবং কোনো অবস্থাতেই আমার বাড়ির ইজ্জত নষ্ট হতে দেব না।"

তিনি আরও বলেন, "আমি এই ঐতিহ্য আমার বাপ-দাদার কাছ থেকে পেয়েছি। তাঁদের যে আদব-কায়দা ও আদর্শ দেখেছি, আমরা তেমন হতে পারিনি। বাপ-দাদার ইজ্জত রক্ষা করতে গিয়ে এ বছর থেকেই আমি মাহফিল বন্ধ করে দিচ্ছি। দীর্ঘ ১৪ বছর ধরে অনুষ্ঠানটি করতে গিয়ে প্রতিবারই ঝামেলা পোহাতে হয়েছে, আমি আর এগুলো নিতে পারছি না, আমি ক্লান্ত। খান্দুরা বাড়ির যাতে আমার জন্য কোনো বদনাম না হয়, সেজন্যই এই সিদ্ধান্ত।"

কাশিমনগরসহ আশপাশের এলাকার মুরিদান ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, "আমরা তরিকতের লোক, আমাদের চিন্তা-চেতনা থাকতে হবে আল্লাহ এবং রাসূলের (সা.) দিকে। আমরা রাজনীতিমুখী হয়ে যাচ্ছি, কিন্তু আমি রাজনীতি করতে চাই না, আমি চাই তরিকতমুখী হতে। আমার বাপ-দাদা ও চাচারা হয়তো কবর থেকে আমার এই মাহফিল বন্ধের সিদ্ধান্তে খুশি হবেন।"
বক্তব্য শেষে তিনি মাইক্রোফোনটি তাঁর চাচাত ভাই পীর সৈয়দ জুবায়ের কামালের হাতে তুলে দেন। সৈয়দ জুবায়ের কামালের আখেরি মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে  শান্তিপূর্ণভাবে সম্মেলনের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, খান্দুরা হাবেলীর পীর আলহাজ্ব সৈয়দ মোনাওয়ার বখত (রিহা)-এর সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মুফতি জাহাঙ্গীর আলম মোজাহিদী এবং প্রধান বক্তা হিসেবে হাফেজ মুহাম্মদ ওয়ালী উল্লাহ আশেকী উপস্থিত ছিলেন। এছাড়াও মঞ্চে অতিথি ও বক্তা হিসেবে মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ এবং মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এই মহাসম্মেলনের প্রচারপত্রে বিশেষ বক্তা হিসেবে মুফতি গিয়াস উদ্দিন আত্-তাহেরীর নাম থাকার পর থেকেই স্থানীয় রাজনীতিতে উত্তেজনা ছড়ায়। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে কাশিমনগর বাজারে বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী এম শাহীন আলম রিপনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে তাহেরীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পাশাপাশি শিক্ষা বোর্ডের নির্দেশনার কারণে বিদ্যালয় মাঠের অনুমতিও বাতিল করা হয়েছিল। পরবর্তীতে শনিবার রাতে মাধবপুরের ইউএনও মেহেদী হাসান ও ওসি সোহেল রানার মধ্যস্থতায় অনুষ্ঠিত জরুরি বৈঠকে তাহেরীকে ছাড়াই বিদ্যালয় মাঠসংলগ্ন স্থানে শান্তিপূর্ণভাবে সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  মাধবপুর   হবিগঞ্জ   খান্দুরা দরবার শরিফ   সুন্নি মহাসম্মেলন   সৈয়দ রেজাউল কামাল   গিয়াস উদ্দিন আত্-তাহেরী   মাহফিল   রাজনৈতিক উত্তেজনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close