
বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ-ভারত-মিয়ানমার ত্রিদেশীয় সীমান্তের কাছ থেকে সন্দেহভাজন ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে পাহাড়ি জনগোষ্ঠীর দুই সদস্য রয়েছেন। এ সময় তাদের কাছ থেকে পাহাড়ে অবস্থান ও রাত্রিযাপনের উপযোগী খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জাম, ছুরি, দা, চাপাতি, তাবুসহ বিভিন্ন ক্যাম্পিং সামগ্রী উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গত রবিবার রাত আনুমানিক ১১টার দিকে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর অধীনস্থ দোপানীছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ত্রিদেশীয় সীমান্ত পিলার- ২৩৬৪ সংলগ্ন সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১৫ গজ দূরে অবস্থানকালে বিজিবির বিশেষ টহলদল তাদের আটক করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ৮ জনের মধ্যে ৬ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মো. আব্দুল আহাদ (২২), বরগুনার মো. হাসান সিহাব (২৮), ঢাকার খিলক্ষেতের মো. নাহিদ হাসান আশিক (৩৩), ঢাকার চকবাজার এলাকার এস ইসলাম সোহেল (৩৮), ভোলার চরফ্যাশনের মো. হোসেন শরিফ (২৯) এবং চট্টগ্রামের পতেঙ্গার মো. মিনহাজুর রহমান সানি (২৬)।
এ ছাড়া আটক অপর দুই ব্যক্তি নিজেদের বান্দরবানের বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, তারা হলেন লংরাও মুরং (২৫) ও ডনরয় মুরং (৩০)। তবে তাদের পরিচয় যাচাইয়ের কার্যক্রম এখনো চলমান রয়েছে।
বিজিবির দাবি, আটক ব্যক্তিদের কাছে বৈধ পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট না থাকা সত্ত্বেও আন্তর্জাতিক সীমান্তের এত কাছাকাছি অবস্থান করা সন্দেহজনক। এ কারণে বাংলাদেশের পাসপোর্ট আইন, ১৯৭৩-এর ৩ ধারা এবং ১১(১)(ক) ধারায় বর্ণিত বিধান অনুযায়ী বিষয়টি আইনগতভাবে বিবেচনায় নিয়ে তাদের প্রাথমিকভাবে আটক করা হয়েছে।
পরবর্তী সময়ে বিস্তারিত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ সীমান্ত অতিক্রম ও সীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বাহিনীটি সর্বদা সতর্ক রয়েছে।
এদিকে, এ বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার। এ সময় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন নূর মো. নাহিয়ান ইসলাম, কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী এবং অনারারি সহকারী পরিচালক শ্রী সরোজ কুমার সাহা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এস পি