প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:২১ পিএম

চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সঙ্গে আগামী সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে সংশ্লিষ্টদের পক্ষ থেকে ২ থেকে ৩ লাখ টাকা ব্যয়ের কথা বলা হচ্ছে। নির্ধারিত সীমার মধ্যে খরচ থাকলে কর্মীদের এত ভোগান্তিতে পড়তে হতো না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে প্রাথমিকভাবে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে প্রতিষ্ঠানটি।
স্বদেশ প্রতিদিন/এস পি