বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি সহযোগিতা নিশ্চিতে বিশ্বমঞ্চে তারেক রহমান      ● রেমিট্যান্সে সুবাতাস, ১০ দিনে এলো ১৪০ কোটি ডলার      ● পুলিশের ৭ কর্মকর্তার বদলি      ● শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি      ● অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয় : চিফ হুইপ      ● ১১ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত       ● বোমা হামলার হুমকিতে ইতালির ৩০০ স্কুল খালি, আতঙ্ক ইউরোপে      ● শাক-সবজির লুকানো পোকামাকড় দূর করার সহজ উপায়      ● ধনী হতে না পারার ৬ কারণ      ● সুন্দরগঞ্জে ব্যবসায়ীকে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ৩      ● ডিগ্রি অর্জনই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব : রিজভী      ● আমার হাঁটুটা আপনার হলে বুঝতেন : নেইমার      
জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি সহযোগিতা নিশ্চিতে বিশ্বমঞ্চে তারেক রহমান
হাসান মোল্লা, আন্তালিয়া (তুরস্ক) থেকে
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তনের দায় বাংলাদেশের কম, অথচ ক্ষয়ক্ষতির বোঝা বহন করতে হচ্ছে সবচেয়ে বেশি। এই বাস্তবতায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন, উন্নত প্রযুক্তি ও বৈশ্বিক সহযোগিতা নিশ্চিত করার দাবি নিয়ে বিশ্বমঞ্চে সরব হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর লিডার্স সামিটে অংশ নিয়ে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার করেছেন তিনি। 

সম্মেলনের ফাঁকে ধারাবাহিক সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে জলবায়ু কূটনীতির পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন সম্ভাবনাও সামনে এসেছে।
গতকাল বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তুরস্কের আনতালিয়া এক্সিবিশন সেন্টারে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানান কপ-৩১ সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম। পরে লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। 

তাদের মধ্যে ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, লন্ডনের মেয়র সাদিক খান এবং ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানির সঙ্গেও কথা বলেন তিনি।

এ ছাড়া ইন্দোনেশীয় প্রতিনিধি দলের প্রধান হাশিম জোজোহাদিকুসুমো এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সভাপতি সামেদ আগিরবাশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এদিন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেন তিনি। এসব বৈঠক ও যোগাযোগে জলবায়ু ইস্যুর পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার সুযোগ তৈরি হয়েছে।

দুপুর ১২টা ১৫ মিনিটে বিশ্বনেতাদের অংশগ্রহণে শুরু হয় আনতালিয়া লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বাংলাদেশের জন্য এবারের সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জলবায়ু অর্থায়ন। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান নগণ্য হলেও এর অভিঘাত মোকাবিলায় বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে। উপকূলীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনের মতো সংকট মোকাবিলায় প্রয়োজন দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও আধুনিক প্রযুক্তি। তাই উন্নত দেশগুলোর প্রতিশ্রুত জলবায়ু তহবিলের বাস্তবায়ন, অভিযোজন কার্যক্রমে পর্যাপ্ত অর্থের জোগান এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা বাংলাদেশের অগ্রাধিকার।

এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জলবায়ু সংকট মোকাবিলায় তেল ও গ্যাস কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপের প্রস্তাব দিয়েছেন। জীবাশ্ম জ্বালানি খাতের বিপুল মুনাফা থেকে অর্থ সংগ্রহ করে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তায় তা ব্যবহারের বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

তবে জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্নও রয়েছে। বিশেষ করে প্রভাবশালী কয়েকটি দেশের শীর্ষ নেতাদের অনুপস্থিতি আন্তর্জাতিক জলবায়ু আলোচনার কার্যকারিতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। কারণ, জলবায়ু অর্থায়ন, কার্বন নিঃসরণ কমানো এবং প্রযুক্তি হস্তান্তরের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে বড় অর্থনীতির দেশগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্মেলনের পরবর্তী কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বনেতাদের ‘জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল’ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গতকাল তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এর সাইডলাইনে সম্মেলনস্থলে দ্বিপক্ষীয় বৈঠক করেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। তিনি বলেন, বিকেল পৌনে ৩টায় শুরু হওয়া বৈঠকটি প্রায় আধাঘণ্টা স্থায়ী হয়।

বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও দুই নেতা আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

তারেক রহমান-এরদোয়ান বৈঠকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সমর্থন অব্যাহত রাখার প্রত্যাশা : প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই আহবান জানিয়েছেন। 

গত মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের আন্তালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সম্মেলন (কপ-৩১) উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর প্রাক্কালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান  রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 

উপ-প্রেস সচিব  জানান, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দেশের মধ্যে অংশীদারত্ব ও বিনিয়োগের সম্ভাবনার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

উপ প্রেস সচিব জানান,  বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন। তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরো গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগের ওপর জোর দেন। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close