প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:১২ পিএম

পশুর নদীতে নাব্যতা সংকটের কারণে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় জাহাজ চলাচল কমে গেছে। বড় জাহাজকে বন্দরে প্রবেশের আগে বহির্নোঙরে পণ্য খালাস করতে হচ্ছে। এতে সময় ও ব্যয় বাড়ায় অনেক ব্যবসায়ী চট্টগ্রাম বন্দরকে অগ্রাধিকার দিচ্ছেন। গত চার বছরে মোংলা বন্দরে জাহাজের আগমন কমেছে প্রায় ৪২ শতাংশ।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে মোংলায় সর্বোচ্চ ১ হাজার ৭১২টি জাহাজ এলেও ২০২৫-২৬ অর্থবছরে এসেছে মাত্র ৯৮৭টি। চার বছরে জাহাজ আগমন কমেছে ৭২৫টি। এটি ২০১৬-১৭ অর্থবছরের পর সর্বনিম্ন। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে ২১৩টি জাহাজ এসেছে, মাসিক গড় প্রায় ৭১টি। আগের অর্থবছরে মাসিক গড় ছিল ৮২টি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাগরের প্রবেশমুখে পলি জমে চ্যানেল অগভীর হয়ে পড়ায় বড় জাহাজ চলাচলে বাধা তৈরি হচ্ছে। এতে বহির্নোঙরে পণ্য খালাস, বাড়তি ভাড়া ও সময়ের অনিশ্চয়তা তৈরি হচ্ছে। পাশাপাশি কনটেইনার ও গ্যাসবাহী জাহাজ কমে যাওয়া, সড়ক যোগাযোগের সমস্যা এবং কাস্টমসের ধীরগতিও বন্দরের কার্যক্রমে প্রভাব ফেলছে। তবে জাহাজের সংখ্যা কমলেও পণ্য ওঠানামার পরিমাণ বেড়েছে বলে দাবি করেছে বন্দর কর্তৃপক্ষ।
স্বদেশ প্রতিদিন/এস পি