প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ পিএম

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে ডাক বিভাগের একটি কাভার্ডভ্যানের সজোরে ধাক্কায় চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া কাউছারনগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রাতের আঁধারে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সড়কেই নিভে গেল তিনটি তাজা প্রাণ ও তিনটি পরিবারের স্বপ্ন।
নিহতরা হলেন, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের মৃত খয়রুদ্দিনের ছেলে কাভার্ডভ্যানচালক জসিম (৪০), মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মাইনুদ্দিন মিয়ার ছেলে মো. মজনু মিয়া (৫৪) এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামের সন্তুস শাব্দাকরের ছেলে মো. রিপন মিয়া (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া কাউছারনগর এলাকায় ঢাকা অভিমুখী পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। রাত আনুমানিক আড়াইটার দিকে একই দিক থেকে আসা ডাক বিভাগের কাভার্ডভ্যানটি দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা চালকসহ তিনজন গুরুতর আহত হন।
বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মাধবপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনায় ডাক বিভাগের কাভার্ডভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি