প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:১৪ AM

বিশ্ব জলবায়ু সম্মেলনগুলোকে ‘গ্রিনওয়াশিংয়ের সার্কাস’ বলে মন্তব্য করেছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। তাঁর মতে, প্রতিবছর সম্মেলনে জলবায়ু সংকট মোকাবিলায় নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না। বরং পরিবেশের ক্ষতি করে এমন শিল্পের স্বার্থসংশ্লিষ্ট লবিস্টরা সম্মেলনে প্রভাব বিস্তারের সুযোগ পান। তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনে সমকালের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
পাঁচ বছর পর জলবায়ু সম্মেলনে ফিরে গ্রেটা বলেন, এ সময়ে জলবায়ু সংকট আরও গভীর হয়েছে। বিজ্ঞানী ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষ দীর্ঘদিন ধরে সতর্ক করলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁর মতে, শুধু প্রতিশ্রুতি দিয়ে সংকট মোকাবিলা সম্ভব নয়; প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও সিদ্ধান্তের বাস্তবায়ন। বিশেষ করে জীবাশ্ম জ্বালানিনির্ভর শিল্পের মুনাফা ও স্বার্থ জলবায়ু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলছে।
বিশ্বনেতাদের সমালোচনা করে গ্রেটা বলেন, মানুষের নিরাপত্তা ও কল্যাণের পরিবর্তে অল্প কয়েকজনের মুনাফা এবং ভূরাজনৈতিক ক্ষমতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পুঁজিবাদী ব্যবস্থায় মুনাফা ও ক্ষমতাকে প্রাধান্য দেওয়ার প্রবণতা মানুষের জীবন, প্রকৃতি ও ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের প্রসঙ্গে তিনি বলেন, যারা জলবায়ু সংকটের জন্য সবচেয়ে কম দায়ী, অনেক ক্ষেত্রে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করে ক্ষতিগ্রস্ত মানুষের সুরক্ষা ও কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি