প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:০১ পিএম

একসময় শ্রেণিকক্ষে রসায়নের জটিল বিষয়গুলো সহজভাবে বুঝিয়ে শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন শাওন রেজা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পরিচিত ছিলেন ‘শাওন স্যার’ নামে। শিক্ষকতা ছেড়ে এখন তিনি পুলিশের কর্মকর্তা। সম্প্রতি রাজধানীর একটি চেকপোস্টে দায়িত্ব পালনের সময় তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনায় আসেন তিনি।
শাওন রেজা বর্তমানে পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল)। তিনি ৪৩তম বিসিএসের একজন কর্মকর্তা। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর একটি চেকপোস্টে দায়িত্ব পালনকালে ধারণ করা ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাবেক শিক্ষার্থী ও অনুসারীদের অনেকে তাঁকে চিনতে পারেন। এরপর ফেসবুকে তাঁকে নিয়ে বিভিন্ন পোস্ট ও মন্তব্য করতে দেখা যায়।
শাওনের ফেসবুক প্রোফাইলের তথ্য অনুযায়ী, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও নটর ডেম কলেজে পড়াশোনা করেছেন। শিক্ষকতা ও লেকচারার হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। একসময় যাঁকে শিক্ষার্থীরা রসায়নের শিক্ষক হিসেবে চিনতেন, তাঁকে পুলিশের পোশাকে দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ নতুন পেশাগত জীবনের জন্য শুভকামনাও জানিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি