প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:২৮ পিএম

৪৬ বছর বয়সে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে চলেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্না এফসির হয়ে আগামী ১৫ নভেম্বর ফরলির বিপক্ষে ম্যাচে তাঁর মাঠে নামার কথা রয়েছে। ২০১৫ সালের সেপ্টেম্বরের পর এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাবেক এই বার্সেলোনা ও এসি মিলান তারকা।
রাভেন্নার সঙ্গে রোনালদিনহোর সম্পর্ক শুধু খেলোয়াড় হিসেবে নয়, ক্লাবটির শেয়ারহোল্ডারও তিনি। চলতি বছরের জুনে ক্লাবটির সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই তাঁর মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। রাভেন্নার ঘরের মাঠ স্তাদিও ব্রুনো বেনেল্লিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
প্রত্যাবর্তনের ম্যাচে ব্যক্তিগত মাইলফলক স্পর্শের সুযোগও রয়েছে রোনালদিনহোর সামনে। পেশাদার ফুটবলে তাঁর গোলসংখ্যা ২৯৯। ফরলির বিপক্ষে একটি গোল করতে পারলেই ৩০০ গোলের ক্লাবে প্রবেশ করবেন তিনি। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন রোনালদিনহো। ২০০৫ সালে জিতেছেন ব্যালন ডি’অর এবং বার্সেলোনার হয়ে জিতেছেন দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
স্বদেশ প্রতিদিন/এস পি