প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:১২ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে প্রাইভেট পড়ানোর আড়ালে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সবুজ (৪৫) নামে এক গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উয়ার্শী ইউনিয়নের মৈশামুড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার সবুজের বাড়ি জেলার দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানি গ্রামে। তিনি মৈশামুড়া বাজারে ফটোকপি ও স্টেশনারির দোকান পরিচালনার পাশাপাশি কয়েকজন প্রাথমিক শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন।
অভিযোগ অনুযায়ী, স্কুল ছুটির পর শিশুটি তার দুই ছেলে সহপাঠীর সঙ্গে ওই দোকানে প্রাইভেট পড়তে যায়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় তার মা খোঁজ নিতে দোকানে যান। এ সময় দোকানের শাটার বন্ধ দেখতে পান। পরে শাটার খুলে ভেতরে শিশুটিকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। শিশুটি মাকে জানায়, সবুজ ভয়ভীতি দেখিয়ে তার ওপর যৌন নির্যাতন করেছেন। এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে শিশুটি জানিয়েছে। পরে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে বলে তিনি জানান। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি