প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৪০ AM

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষা খাতে সংস্কারের দাবিতে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ ও ধর্মঘট ছড়িয়ে পড়েছে। ফ্রান্সে প্রায় দুই মাস ধরে চলা আন্দোলনে রাজপথ ছাড়তে নারাজ শিক্ষার্থীরা। অন্যদিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে স্পেনে পালিত হয়েছে ২৪ ঘণ্টার ধর্মঘট। ইউরোপের বাইরেও বলিভিয়া ও ইন্দোনেশিয়ায় ছড়িয়ে পড়েছে বিক্ষোভ।
স্কুল ভবন সংস্কার, শিক্ষক নিয়োগ এবং জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে গত সেপ্টেম্বর থেকে ফ্রান্সে আন্দোলন শুরু হয়। পরে তা বৃহত্তর সামাজিক বিক্ষোভে রূপ নেয়। মঙ্গলবার প্যারিস, নান্তেসসহ বিভিন্ন শহরে লাখো মানুষ বিক্ষোভ করেন। শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোরনুর আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। শিক্ষা খাতে প্রয়োজনীয় বরাদ্দ ও জাতীয় নীতিতে পরিবর্তন না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
বিক্ষোভে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের নিন্দা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তবে পুলিশের কঠোর ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকারবিষয়ক মুখপাত্র থামিন আল-খিতান বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগে সংযত হওয়ার পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ফরাসি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে স্পেনের বৃহত্তম দুটি শ্রমিক ইউনিয়নের ডাকে বুধবার দেশজুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘট পালিত হয়েছে। ধর্মঘটের প্রভাবে মাদ্রিদে ৯০ শতাংশ, বার্সেলোনায় ৫০ শতাংশসহ সারা দেশে প্রায় ৪০ শতাংশ ট্রেন চলাচল বাতিল করা হয়। অন্যদিকে বলিভিয়ায় শিক্ষা বিকেন্দ্রীকরণের প্রতিবাদে ৪৮ ঘণ্টার ধর্মঘটের দ্বিতীয় দিনে শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ইন্দোনেশিয়ায় দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ করে ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি