প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৩৯ পিএম

সংগৃহীত ছবি
যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। শেষ চারে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অন্য সেমিফাইনালে লড়বে ভারত ও আফগানিস্তান।
সোমবার মালয়েশিয়াকে হারিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। এরপর মঙ্গলবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে নেপালকে ১০১ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। তাতেই নিশ্চিত হয় সেমিফাইনালে দুই দলের লড়াই।
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডের এক নম্বর টার্ফে প্রথমে ব্যাট করে নেপালের বিপক্ষে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৫ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ১৭৪ রানে অলআউট হয় নেপাল। তিন ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে পাকিস্তানের যুবারা।
অন্যদিকে, ‘বি’ গ্রুপে তিন ম্যাচের দুটিতে জয় নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। ফলে সেমিফাইনালে ২০২৪ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে প্রতিপক্ষ হিসেবে থাকছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান।
মঙ্গলবার একই সময়ে অনুষ্ঠিত অন্য ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়েছে ভারত। তিন ম্যাচে দুই জয় নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়েছে দলটি। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ চ্যাম্পিয়ন আফগানিস্তান।
আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টায় পাশাপাশি দুটি মাঠে শুরু হবে যুব এশিয়া কাপের দুই সেমিফাইনাল। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।