প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:১৭ AM

উপহার কিংবা অন্য যে নামেই অভিহিত করা হোক, ঘুসের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, প্রতিমন্ত্রী ৯৫ শতাংশ সঠিক বললেও ৫ শতাংশ ভুল করেছেন।
বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন এসব কথা বলেন। পোস্টে তিনি লেখেন, জনগণের করের টাকায় নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য সঠিক ছিল। তবে ঠিকাদার খুশি হয়ে প্রকৌশলীকে উপহার দিলে সেটি ঘুসের মধ্যে পড়বে না—এমন বক্তব্যের সঙ্গে তিনি একমত নন। তাঁর ভাষায়, ‘উপহার বলি বা অন্য যে নামেই ডাকি না কেন, ঘুসের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।’
ইশরাক আরও লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কাজ সমর্থন করে না। প্রতিমন্ত্রীর বক্তব্য তাঁর ব্যক্তিগত অবস্থান হতে পারে, তবে প্রধানমন্ত্রী ও সরকার এটি সমর্থন করে না। তাই বিষয়টি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত বক্তব্য হিসেবেই প্রচার করা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, কাজের গুণগত মান ঠিক রেখে ঠিকাদার তাঁর লভ্যাংশ থেকে খুশি হয়ে প্রকৌশলীকে উপহার দিলে তা ঘুসের মধ্যে পড়বে না। তাঁর এ বক্তব্য ঘিরেই আলোচনা তৈরি হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি