প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:৩১ পিএম

সংগৃহীত ছবি
ফুটবল মাঠে নেইমারের প্রতিভা নিয়ে প্রশ্ন নেই। তবে একের পর এক চোট তার ক্যারিয়ারের লম্বা সময় কেড়ে নিয়েছে। সবচেয়ে বেশি ভুগতে হয়েছে হাঁটুর অস্বস্তি নিয়ে। এবার নিজের হাঁটুর অবস্থা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান এই তারকা।
সম্প্রতি ব্রাজিলের কিংস লিগ সংক্রান্ত একটি সরাসরি কথোপকথনে কনটেন্ট ক্রিয়েটর ক্রিস গুয়েদেসের সঙ্গে চোট নিয়ে কথা বলেছেন নেইমার। সেখানে ২০৩০ সালে কিংস লিগে তার খেলার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
কথোপকথনের একপর্যায়ে ক্রিস গুয়েদেস নেইমারের আরো কয়েক বছর পেশাদার ফুটবল খেলার সম্ভাবনার কথা বলেন। জবাবে নেইমার বলেন, ‘আমার হাঁটুটা যদি আপনার হতো, তাহলে বুঝতেন।’
নেইমারের এই মন্তব্য নতুন করে তার শারীরিক সক্ষমতা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। তবে এটিকে ফুটবল থেকে অবসরের ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই। বরং দীর্ঘদিনের চোটের কারণে তার শারীরিক ধকলের স্বীকারোক্তি হিসেবেই বিষয়টি দেখা উচিত।
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় নেইমারের। ওই চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। এর আগে-পরে কয়েক দফা একই সমস্যায় ভুগেছেন এই ফরোয়ার্ড।
নেইমারের ক্যারিয়ারে চোটের প্রভাব নতুন করে আলোচনায় এলেও ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে এখনো তিনি।
বিশেষ করে শৈশবের ক্লাব সান্তোসে তার প্রত্যাবর্তন এবং অবসর ভেঙে ব্রাজিল জাতীয় দলে ভূমিকা রাখার সম্ভাবনা নিয়ে সমর্থকদের প্রত্যাশা রয়েছে।