প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ AM

প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। কপ-৩১ সম্মেলন উপলক্ষে আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলনের আগে ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ, যৌথ বিনিয়োগ, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, জ্বালানি ও খনিজ সম্পদে অংশীদারত্ব এবং নবায়নযোগ্য জ্বালানিতে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দুই নেতা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পায়। এ ছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সমর্থনের প্রশংসা করে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে দেশটির অব্যাহত সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে এরদোয়ানের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন এবং দুই দেশের সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক বিচার আদালতে তুরস্কের সংহতি এবং মাঠপর্যায়ে মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্যও দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি