প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৫১ পিএম

সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা এলাকার জামিয়াতুল আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নুর খানকে প্রধান করে গঠিত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
মঙ্গলবার (১০ নভেম্বর) জেলা প্রশাসনের পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয়।
এর আগে মঙ্গলবার রাত ২টার দিকে মাদরাসাটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ৭৯ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬৩ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ভর্তি শিক্ষার্থীদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে রাখা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নুর খান জানান, জেলা প্রশাসকের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণগুলো শনাক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, যে কক্ষে আগুনের সূত্রপাত হয়, সেটি ইন্টেরিয়র ডিজাইন করা ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় মাদরাসার অন্যান্য তলা আচ্ছন্ন হয়ে পড়লে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যায়। এ ছাড়া তাড়াহুড়ো করে নিচে নামতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৭৯ শিক্ষার্থী চিকিৎসার জন্য ইনস্টিটিউটে আসে। তাদের মধ্যে ৬৩ জনকে ভর্তি ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকি ১৬ জনকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। ভর্তি শিক্ষার্থীদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।